ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ সার্ভিস ২৫ আগস্ট থেকে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দক্ষিণাঞ্চলের ৩৭টি নৌরুটে ২৫ আগস্ট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু করা হবে। এদিকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিটের জন্য রাজধানীর সদরঘাট টার্মিনালে ভিড় জমাচ্ছেন যাত্রীরা।অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার (যাপ) ভাইস চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ২৫ আগস্ট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হবে। যাত্রীর ওপর ভিত্তি করে বিশেষ লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করা হবে।এদিকে গতকাল মঙ্গলবার সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, অগ্রিম টিকিট নিতে বরিশালগামী এমভি দ্বীপরাজ ও কীর্তনখোলা লঞ্চের টিকিট বুকিং কাউন্টারের সামনে লোকজন ভিড় জমিয়েছেন।পুরান ঢাকার নবাবপুর থেকে আসা ব্যাংক কর্মচারী কবির হোসেন বলেন, ২৯ আগস্ট তিনি ভান্ডারিয়া যাবেন। সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আট-নয়টি লঞ্চে খোঁজ নিয়ে জেনেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিনের কোনো টিকিট নেই। তিনি বলেন, এমভি টিপু-১ লঞ্চের কেরানি তাঁকে জানিয়েছেন, সপ্তাহ খানেক আগেই সব কেবিন বুক হয়ে গেছে। রাহেলা বেগম নামের এক যাত্রী জানান, সুন্দরবন-৭ লঞ্চের এক কর্মী তাঁকে জানিয়েছেন, ২৬, ২৮ ও ৩০ আগস্টের কেবিনের টিকিট নেই। তাঁর ধারণা, লঞ্চের কিছু অসাধু কর্মচারী কেবিন বুকিং দেখিয়ে পরে বেশি দামে কালোবাজারে বিক্রির ফন্দি করছে। অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার (যাপ) ভাইস চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন বলেন, যাত্রীর তুলনায় লঞ্চগুলোর কেবিন সীমিত, এ জন্য অনেক যাত্রী আগে থেকেই টিকিট সংগ্রহ করে ফেলেছেন। তিনি বলেন, কালোবাজারে টিকিট বিক্রির কোনো সুযোগ নেই।