ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ ৩ নভেম্বর থেকে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দক্ষিণাঞ্চলের ৩৭টি নৌপথে বিশেষ লঞ্চ চলাচল শুরু হচ্ছে আগামী ৩ নভেম্বর। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা নদীবন্দরের উপপরিচালক মো. শহীদউল্লাহ।এদিকে অধিকাংশ যাত্রী লঞ্চের অগ্রিম টিকিট পাচ্ছেন না এবং দ্বিগুণের বেশি ভাড়া হাঁকা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিনের আগাম টিকিটের জন্য সদরঘাট টার্মিনাল এলাকায় গতকাল শনিবার অনেককে হন্যে হয়ে ছুটতে দেখা যায়। কিন্তু টিকিট না পেয়ে নিরাশ হয়ে ফিরে যান বেশির ভাগ যাত্রী।ঈদ উদ্যাপন করতে হুলারহাট যাবেন গাজী মো. আবুল বাশার। ৩ নভেম্বরের টিকিটের জন্য তিনি গতকাল আমিনবাজার থেকে সদরঘাট টার্মিনালে আসেন। দ্বিতীয় শ্রেণীর কেবিনের টিকিটের জন্য বেশ কয়েকটি লঞ্চে খোঁজ নিয়েও নিরাশ হন। হুলারহাটগামী আল-ওয়ালি লঞ্চের কেরানি মো. জহির তাঁকে বলেন, ৪ ও ৬ নভেম্বর সদরঘাট থেকে লঞ্চ যাবে। কিন্তু কেবিন খালি নেই। মাস্টারের কক্ষ খালি আছে, ভাড়া লাগবে দুই হাজার ৫০০ টাকা। যাত্রী আবুল বাশার বলেন, গত মাসেও ডাবল কেবিনের ভাড়া ছিল এক হাজার ১৫০ টাকা।কলেজছাত্র মো. মাসুদ রানা স্বরূপকাঠি যাবেন ৪ নভেম্বর। কেবিনের টিকিট না পেয়ে বাধ্য হয়ে তিনি বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ৬ নভেম্বর ঝালকাঠি যাবেন মো. সুরুজ উদ্দিন মিয়া। এমভি রাজদূত-৭ লঞ্চের গ্রিজারম্যান মনির হোসেন প্রথমে তাঁকে জানান, টিকিট নেই। পরে দুটি খালি কেবিনের প্রতিটির জন্য দুই হাজার ৭০০ টাকা ভাড়া দাবি করেন।বরগুনাগামী এমভি যুবরাজ-২ লঞ্চের মালিক প্রিন্স আওলাদ বলেন, ঈদের আগে ২ ও ৪ নভেম্বর তাঁর লঞ্চ বরগুনা যাবে; কিন্তু কেবিন খালি নেই। দুই সপ্তাহ আগেই সব টিকিট শেষ হয়ে গেছে।লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থার ভাইস চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন মিলন বলেন, যাত্রীর চাপের ওপর নির্ভর করে বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হবে। যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।