ঈদ উপলক্ষে রেকর্ডসংখ্যক ৬৫ রেল কোচের মেরামত চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহাকে সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ মেরামত কাজ চলছে জোরেশোরে। ছবিটি আজ শনিবার তোলা: প্রথম আলো
ঈদুল আজহাকে সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ মেরামত কাজ চলছে জোরেশোরে। ছবিটি আজ শনিবার তোলা: প্রথম আলো

ঈদুল আজহায় যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণের লক্ষ্যে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৬৫টি কোচের মেরামতকাজ চলছে। কারখানায় জোরেশোরে চলছে অতিরিক্ত কর্মঘণ্টা। জনবল ও কাঁচামালসংকটের মধ্যেও কারখানার কাজ পুরোদমে চলছে। আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে মেরামত করা সব কোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ।

রেলওয়ে কারখানা সূত্রে জানা যায়, ঈদ এলে ঘরমুখী মানুষের গন্তব্যে ফিরতে চরম বিড়ম্বনায় পড়তে হয়। এই সময় যাত্রীদের চাপ সামলাতে কোচের সংখ্যা বাড়াতে রেকর্ডসংখ্যক ৬৫টি কোচ মেরামতের কাজ করা হচ্ছে। রেলওয়ে কারখানায় রাখা এসব কোচের মধ্যে ৩৮টি ব্রডগেজ লাইনের এবং ২৭টি মিটারগেজ লাইনের রয়েছে। ঈদের আগেই এসব কোচের মেরামতকাজ শেষ করে আউট টার্ন দেওয়া হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়তি কোচ দিয়ে পশ্চিম রেলের পার্বতীপুর ও খুলনা থেকে ঢাকা রুটে দুটি স্পেশাল ট্রেন চালু করা হবে। এরই মধ্যে ৩৪টি কোচ মেরামত শেষে পার্বতীপুর, ঈশ্বরদী, খুলনা ও রাজশাহী ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এসব কোচের মধ্যে রেলওয়ে কারখানার চারটি শপে ৫৬টি এবং প্রকল্পের আওতায় দুটি বেসরকারি প্রতিষ্ঠান নয়টি কোচ মেরামতের কাজ করছে।

কোচ মেরামতের প্রধান শপ ক্যারেজ শপের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী দিলশাদ করিম আবু হেনা বলেন, শ্রমিক ও কারিগরদের শ্রম ও আগ্রহের কারণে সর্বোচ্চসংখ্যক কোচ মেরামত করা সম্ভব হচ্ছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য ব্যবস্থাপক আমিনুল হাসান জানান, প্রতিবছর ঈদে কারখানায় অতিরিক্ত কোচ মেরামত করা হয়। এবারও কোচ মেরামত শেষে নির্ধারিত সময়ে সরবরাহের জন্য দিনে-রাতে কাজ চলছে। আশা করা যায়, ঈদের আগে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে মেরামত করা সব কোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর করা সম্ভব হবে।