ঈদ উপলক্ষে সিরাজগঞ্জে 'নির্বাচনী' প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদ সামনে রেখে সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচনে আগাম প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ও ফেস্টুনে শহর ও বিভিন্ন ওয়ার্ডের অলিগলি ছেয়ে গেছে।
অনেক প্রার্থী ইফতারের সময়সূচি দিয়ে লিফলেট তৈরি করে দোকানপাট ও বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। অনেকে আবার স্থানীয় পত্রপত্রিকার মাধ্যমে নিজেকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে আগাম শুভেচ্ছা জানাচ্ছেন। প্রার্থীরা যোগ দিচ্ছেন দলীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ইফতার মাহফিলে।
সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও এক বছর আগে থেকেই বর্তমান ও সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের মন জয় করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। সালাম আর কুশল বিনিময়ের পাশাপাশি প্রার্থীরা ভোটারদের সহযোগিতা কামনা করছেন। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা নিজ এলাকার বাইরে গিয়ে জুমার নামাজ আদায় করছেন। মসজিদ-মাদ্রাসা উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। তবে নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ সমমনা সব দলের সমর্থকেরাই ভোট প্রার্থনায় মাঠে নেমে পড়েছেন।
ব্যানার-ফেস্টুন নিয়ে আওয়ামী লীগ-সমর্থকদের মধ্যে প্রচারণায় নেমেছেন শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ আবদুর রউফ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী ও শহর আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী। বিএনপির সমর্থকদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জি এস সাইদুর রহমান ও সাবেক মেয়র বিএনপি নেতা টি আর এম নূর-ই-আলম হেলাল। তবে সিরাজগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীর ব্যানার-ফেস্টুন কোথাও দেখা যায়নি।
মেয়র পদপ্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থীরাও পিছিয়ে নেই। তাঁরাও ব্যানার-ফেস্টুন টানিয়ে প্রচারণায় নেমেছেন।
সম্ভাব্য প্রার্থী কে এম হোসেন আলী ও আবদুর রউফসহ অনেকেই ঈদ উপলক্ষে বাড়ি এসেছেন। তাঁদের কয়েকজন বলেন, এটি বড় একটি উৎসব। এ কারণে সব ভোটারের দৃষ্টি কাড়তে ব্যানার-ফেস্টুনের ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া এখন তো আর নির্বাচন কমিশনের আইন বলবৎ হয়নি। এটি দলীয় নির্বাচন না হলেও নিজেদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য ঈদ সামনে রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
টি আর এম নূর-ই-আলম হেলাল ও সাইদুর রহমান বলেন, ‘এমনিতেই আমরা রাজনৈতিকভাবে সরকারের ও প্রশাসনের নানা চাপের মুখে রয়েছি। চুপ করে বসে থাকলে তো আর চলবে না। সামনে তো নির্বাচন হবেই। এ কারণে নিজেদের জনগণের মধ্যে নতুন করে জানিয়ে দিতে প্রচার-প্রচারণা চালাচ্ছি। ঈদ উপলক্ষে সবাই বাড়িতে আসে। বেশি জানাজানির জনৗই এই প্রস্তুতি নেওয়া হয়েছে।’