ঈদ উপলক্ষে সেমাই তৈরির ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচরের কারখানাগুলোয় সেমাই তৈরির ধুম পড়েছে। রাত-দিন সেমাই তৈরি করছেন শ্রমিক-কর্মচারীরা।কেরানীগঞ্জের জিনজিরা টাওয়ার ঘাট এলাকার ডাচ বেকারির কর্মচারী সালাম বাদশা বলেন, ‘রমজানের মাস খানেক আগে থেকে আমাদের কারখানায় লাচ্ছা সেমাই তৈরির কাজ শুরু হয়েছে। দিন-রাত ১১ জন শ্রমিক-কর্মচারী কাজ করছেন। ২২-২৩ রমজান পর্যন্ত কাজ চলবে।’তবে গতকাল শুক্রবার দুপুরে কামরাঙ্গীরচরের আলীনগর এলাকায় গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। ওই এলাকায় সেমাই তৈরির সাত-আটটি কারখানা আছে। কারখানাগুলোর প্রধান ফটকে তালা ঝুললেও ভেতরে পুরোদমে চলছিল সেমাই তৈরি।একটি সেমাই কারখানার মালিক মোহাম্মদ আলী অভিযোগ করেন, ‘সাংবাদিকদের উৎপাতে কাজ করতে পারি না। তাগো বালা কথা কইতে গেলে দোষ খুঁইজা টাকা দাবি করে। না দিলে কারখানার বিরুদ্ধে আজেবাজে লিখে। তাই কারখানা বন্ধ কইরা কাজ চলতাছে।’সেমাই তৈরি করে কর্মচারীদের বেতন দিয়ে তেমন লাভ হচ্ছে না বলে জানালেন একটি কারখানার পরিচালক সেলিম মিয়া। তিনি বলেন, তাঁদের উৎপাদিত সেমাই চকবাজার, কারওয়ান বাজার, মৌলভীবাজার, নিউমার্কেট এলাকায় পাইকারি দরে বিক্রি হচ্ছে। চিনির দাম বাড়ায় প্রতি মণ সেমাইয়ে মাত্র ২৫০-৩০০ টাকা লাভ হয়। ওই লাভের পর কর্মচারীদের বেতন দিয়ে কিছু থাকে না বলে তাঁর দাবি।কেরানীগঞ্জের কদমতলী এলাকার আড়ং সুইটস অ্যান্ড বেকারির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শরীফ জানালেন, এবার সেমাইয়ের বাজার কিছুটা চড়া। তাঁরা পাইকারি দরে প্রতি কেজি লাচ্ছা সেমাই কিনছেন ৯৫ টাকায়। বিক্রি করছেন ১২০ টাকায়।রাজধানীর জুরাইন সুপার মার্কেট এলাকার ভান্ডারী জেনারেল স্টোরের মালিক মো. সিদ্দিকুর রহমান বললেন, লম্বা বা বাংলা সেমাই প্রতি কেজি পাইকারি দরে কেনা হচ্ছে ৪০ টাকায়। খুচরা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। লাচ্ছা সেমাই প্রতি কেজি কেনা হচ্ছে ১০০-১১০ টাকায়। বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।