ঈদ উপলক্ষে ১২ থেকে ২০ জুন বিশেষ লঞ্চ চলবে
ঈদ উপলক্ষে ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। প্রতিটি যাত্রীবাহী লঞ্চে ও টিকিট কাউন্টারে সরকার-নির্ধারিত ভাড়ার তালিকা টাঙাতে হবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সকাল ১০টার দিকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালের নতুন ভবনের সভাকক্ষে ঈদের প্রস্তুতিমূলক এ সভাটি হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এম মোজাম্মেল হক বলেন, লঞ্চে কোনো অবস্থাতেই অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া যাবে না। নদীপথের লঞ্চের যাত্রীদের নিরাপত্তার জন্য বয়া ও লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখতে হবে। টার্মিনালের টিকিট কাউন্টার থেকে ৮ জুন থেকে লঞ্চের ডেকের অগ্রিম টিকিট বিক্রি করতে হবে। প্রতিটি লঞ্চ ও টিকিট কাউন্টারের সামনে সরকার-নির্ধারিত লঞ্চের ভাড়ার তালিকা টাঙিয়ে রাখতে হবে।
এম মোজাম্মেল হক আরও বলেন, নদীপথের যাত্রীদের নির্বিঘ্নে চলাচল ও নিরাপত্তার স্বার্থে বিআইডব্লিউটিএ, পুলিশ, কোস্টগার্ড, লঞ্চ মালিক সমিতির নেতারা ও ফায়ার সার্ভিসসহ সব বিভাগের সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে কোনো অনিয়ম করা যাবে না। আইন অমান্য করে রাতের বেলা যেসব পণ্যবাহী কার্গো, জাহাজ ও বাল্কহেড চলাচল করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ঈদের আগে ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত কোনো ধরনের পণ্যবাহী কার্গো, জাহাজ ও বাল্কহেড দিনে ও রাতের বেলা চলাচল করতে পারবে না।
অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সহসভাপতি লুৎফর রহমান বলেন, ‘ঈদ মৌসুমে আমাদের লঞ্চের টিকিট কলোবাজারিতে বিক্রি করা হয় না। যদি কোনো লঞ্চের বিরুদ্ধে কালোবাজারিতে টিকিট বিক্রি অভিযোগ প্রমাণিত হয়, তবে সেই লঞ্চের চলাচল বন্ধ করে দেওয়া হবে। তা ছাড়া যাত্রীদের সুবিধার্থে প্রতিটি লঞ্চে সরকার-নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার ইব্রাহিম খান বলেন, ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না। যানজট নিরসনের বিষয়ে ডিএমপি কমিশনার কার্যালয়ে সভা হয়েছে। তিনি আরও বলেন, টার্মিনাল এলাকায় নিরাপত্তার স্বার্থে অজ্ঞান ও মলম পার্টি রোধে সাদাপোশাকে ডিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) রামানন্দ সরকার বলেন, বুড়িগঙ্গা নদীর টার্মিনাল এলাকায় পুলিশের একাধিক দল ট্রলার ও স্পিডবোট দিয়ে টহলরত অবস্থায় নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এ ছাড়া পূর্ব আগা নগর আলম মার্কেট গুদারাঘাট এলাকায় ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুলিশ নদী পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে।
অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার ঢাকা নদীবন্দরের আহ্বায়ক মামুন অর রশিদ বলেন, নদীপথের যাত্রীরা অনেক সময় রাতে নদীতে ছিনতাইকারীদের কবলে পড়ে থাকে। এ জন্য ঈদের পাঁচ দিন আগে ও পরে বুড়িগঙ্গা নদীর টার্মিনালের আশপাশ এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা দরকার। তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। তবে এ বিষয়ে বিআইডব্লিউটিএ-সহ সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা করা প্রয়োজন।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদারের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য দেন বিআইডব্লিউটিএর সদস্য (পরিবহন ও পরিচালনা) নুরুল আলম, নৌ পরিবহন অধিদপ্তরের জাহাজ জরিপকারক প্রকৌশলী মির্জা সাইফুর রহমান, নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক আলমগীর কবির, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন, কোস্টগার্ড পাগলা স্টেশনের নির্বাহী কর্মকর্তা সার্চ লেফটেন্যান্ট এম এম আসিফ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহআলম, ঢাকা নদীবন্দরের উপপরিচালক মিজানুর রহমান প্রমুখ।