ঈদ উপলক্ষে ১৪ ও ১৫ তারিখ থেকে বিশেষ সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ঢাকা নৌপথে ঈদের বিশেষ সেবা চালু হবে ১৪ ও ১৫ জুলাই থেকে। ১৪ জুলাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) এবং ১৫ জুলাই বেসরকারি নৌযান মালিক সমিতির পক্ষ থেকে ওই সেবা চালু হবে।
ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে এমভি মধুমতি নামে নতুন জাহাজ ১৪ জুলাই উদ্বোধন করা হবে। এ ছাড়া নিয়মিত জাহাজের মধ্যে এমভি বাঙালি, পিএস লেপচা, পিএস মাহসুদ, পিএস অস্ট্রিচ, পিএস টার্ন এবং এমভি শেলা যাত্রী পরিবহন করবে। জাহাজগুলোর মধ্যে এমভি বাঙালি সরাসরি বরিশাল-ঢাকা, এমভি শেলা চাঁদপুর-বরিশাল এবং বাকিগুলো ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ পর্যন্ত চলাচল করবে।
বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঈদে যাত্রী দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা চালু হচ্ছে। তা ছাড়া অন্য জাহাজগুলোও ত্রুটিমুক্ত করে রাখা হয়েছে। যাত্রী চাপ সামাল দিতে বেগ পেতে হবে না বলে আশা করেন তিনি।
বেসরকারি নৌযান মালিক সমিতি ঈদ উপলক্ষে ১৫ জুলাই থেকে বিশেষ সেবা ব্যবস্থা চালু করবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ যাত্রী পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি এবং সুন্দরবন নেভিগেশন কোম্পানির মালিক সাইদুর রহমান বলেন, বিশেষ এই সার্ভিস ২৮ জুলাই পর্যন্ত চলবে। এর বাইরেও অতিরিক্ত তিনটি লঞ্চ রাখা হয়েছে।