ঈদ উপলক্ষে ৬৪৮ কোটি টাকার নতুন নোট বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখা থেকে ৬৪৮ কোটি টাকার নতুন নোট ছাড়া হয়েছে। সাধারণত রোজার ঈদে নতুন নোটের চাহিদা বেশি থাকে। কোরবানির ঈদে এই চাহিদা প্রায় অর্ধেকে নেমে আসে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বিভিন্ন তফসিলি ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী নতুন নোট সরবরাহ করা হচ্ছে। তফসিলি ব্যাংকের মাধ্যমে নতুন নোট গ্রাহক হয়ে বাজারে আসছে। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখা থেকে গত সপ্তাহে নতুন নোট বিতরণ শুরু হয়। চট্টগ্রামে দেশি-বিদেশি এ রকম তফসিলি ফিডার ব্যাংকের সংখ্যা ৪৭টি। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার উপমহাব্যবস্থাপক কে এম মোস্তাফিজুল কবির এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, তফসিলি ব্যাংকের চাহিদা অনুযায়ী ১০০ ও ৫০০ টাকার নতুন নোট ৬০০ কোটি টাকা ছাড়া হয়েছে। এর বাইরে ৪৮ কোটি টাকার খুচরা নোট ছাড়া হয়েছে, যা ৫০ টাকা ও এর নিচের মানের নোট।প্রসঙ্গত, গত রোজার ঈদে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখা থেকে প্রায় এক হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হয়। কোরবানি ঈদে এই চাহিদা প্রায় অর্ধেকে নেমে এসেছে।