ঈদ উপলক্ষেও রাস্তায় নামানো হলো না বিআরটিসির বাসগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরে ফিরতে বাস টার্মিনালগুলোয় যাত্রীদের উপচে পড়া ভিড়। পর্যাপ্ত যাত্রীবাহী বাসের অভাবে ঈদে ঘরমুখো মানুষ বিপাকে পড়ছে। অথচ নতুন আমদানি করা ২১টি বাস চট্টগ্রামের ডিপোতে বসিয়ে রেখেছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি)।কোরিয়া থেকে আমদানি করা এসব বাসে বিআরটিসির বিশেষ ঈদ সার্ভিসের জন্য ব্যানারও লাগানো হয়েছে। অথচ বাসগুলোতে যাত্রী পরিবহন করা হচ্ছে না। চালু করা হয়নি কোনো বিশেষ সার্ভিসও।গতকাল রোববার নগরের নতুনপাড়ায় বিআরটিসির ডিপোতে গিয়ে দেখা যায়, নতুন আমদানি করা ২১টি যাত্রীবাহী বাস পড়ে আছে। ঈদে বিশেষ সার্ভিস হিসেবে রাস্তায় নামানোর জন্য এসব বাসের কয়েকটি প্রস্তুত করে রাখা হয়েছে। নগরের কদমতলীর বিআরটিসি বাস টার্মিনাল থেকে এসব বাস পরিচালনা করার কথা। অথচ বাসগুলো পরিচালনার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।বিআরটিসির ডিপো ব্যবস্থাপক রফিকুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, সব বাসের নিবন্ধন শেষ হয়নি। এ ছাড়া চালকের সংকটও আছে। তার পরও এএফআর (অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন) লিখে দুটি গাড়ি রাস্তায় নামানো হয়েছে।ডিপোর কারিগরি ব্যবস্থাপক জুলফিকার আলী জানান, কোরিয়া থেকে নতুন ২৩টি বাস এসেছে দুই সপ্তাহ আগে। এর মধ্যে চট্টগ্রামের জন্য ১০টি ও ঢাকার জন্য ১৩টি। তিনি বলেন, চট্টগ্রামের ১০টি থেকে দুটি শনিবার রাস্তায় নামানো হয়েছে।বিআরটিসির কর্মকর্তারা স্বীকার করেছেন, ঈদ উপলক্ষে কোনো বিশেষ সেবা চালু করা হয়নি।এদিকে বিআরটিসির বাসে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল বিকেলে কদমতলী বিআরটিসি বাস টার্মিনালে গিয়ে জানা যায়, চট্টগ্রাম থেকে কুমিল্লার কোম্পানীগঞ্জের ভাড়া ১২০ টাকা। কিন্তু বিআরটিসির কাউন্টার থেকে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে ২২০ টাকা। একইভাবে চট্টগ্রাম থেকে রামগতির চরআলেকজান্ডার পর্যন্ত ২০০ টাকা ভাড়ার জায়গায় ৪০০ টাকা দাবি করা হয়।বিআরটিসির কাউন্টারের টিকিট বিক্রেতা বলেন, ‘নতুন গাড়ি, ভাড়া তো একটু বেশি হবেই।’