ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক দিন ধরেই সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবু থেমে নেই বেচাবিক্রি। ঈদ যতই এগিয়ে আসছে, ততই ভিড় বাড়ছে শহরের বিপণিবিতানগুলোয়।
খোঁজ নিয়ে দেখা গেছে, ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মার্কেট ভারতীয় পোশাকে ছেয়ে গেছে। স্থানীয় মার্কেটগুলোয় মানসম্মত দেশীয় পোশাকসামগ্রী থাকলেও ক্রেতাদের ঝোঁক ভারতীয় পোশাকে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বাহুবালী, দেবসেনা, কাটাপ্পা। দেশীয় পোশাকের মধ্যে রয়েছে বিভিন্ন বুটিকসের ওয়ান-পিস, টু-পিস, থ্রি-পিস ও ফোর-পিস পোশাক। সুতি, সিল্ক, তাঁত কাপড়ে পাওয়া যাচ্ছে এসব পোশাক। শাড়ির মধে৵ তাঁত, জামদানি, বেনারশি, সিল্ক, হাফসিল্ক বেশ চলছে। শাড়ির রং ও নকশায় এসেছে বৈচিত্র্য।
কয়েকজন ব্যবসায়ী বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্তবর্তী এলাকা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আখাউড়া স্থলবন্দরের দূরত্ব প্রায় ২৭ কিলেমিটার। আখাউড়া স্থলবন্দর পার হলেই ত্রিপুরা রাজ্যের আগরতলা। ই-টোকেনের মাধ্যমে খুব সহজেই এখান থেকে ভারতীয় ভিসা পাওয়া যায়। যাতায়াতও সহজ। দিনে গিয়ে দিনেই ফেরা যায়। তাই জেলার মধ্যবিত্ত ও সচ্ছল পরিবারের অধিকাংশ মানুষ ঈদের কেনাকাটার জন্য এখন ভারতের আগরতলায় আসা-যাওয়া করছে।
সরেজমিনে গত রবি ও সোমবার সকাল থেকে রাত পর্যন্ত জেলা শহরের আশিকা প্লাজা, পৌর আধুনিক সুপার মার্কেট, সিটি সেন্টার, সুপার মার্কেট, ফরিদ উদ্দিন আনোয়ারা টাওয়ার, নিউমার্কেট, বি.বাড়িয়া টাওয়ার, হকার্স মার্কেট, মালুমিয়া ম্যানশনসহ বেশ কয়েকটি বিপণিবিতাগুলোয় ঘুরে ক্রেতাদের ভিড় দেখা গেছে।
গত সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সিটি সেন্টারে তেমন ক্রেতা না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি উপেক্ষা করেই ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। পরদিন মঙ্গবারও একই অবস্থা দেখা গেছে ড্যাজল ফ্যাশন, ফরিদ উদ্দিন আনোয়রা টাওয়ার, সড়ক বাজারের কমলালয় বস্ত্রবিতান, রং-বেরং ফ্যাশন হাউস এবং নিউমার্কেটের দোকানগুলোয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ছোটদের ভারতীয় বাহুবালী পোশাকের দাম সর্বনিম্ন ১ হাজার ৮০০ থেকে ৪ হাজার আর বড়দের পোশাকের দাম ৩ হাজার ৫০০ থেকে ৮ হাজার, দেবসেনা ২ হাজার থেকে ৫ হাজার টাকা করে বিক্রি হচ্ছে। আর বড়দের জন্য এসব পোশাক বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ১০ হাজার টাকায়। ছেলেদের পাঞ্চাবি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ৬ হাজার টাকায়। সিল্ক, জামদানি, তাঁতের শাড়ি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১৫ হাজার টাকায়।
স্নাতকপড়ুয়া মারিশা ইসলাম বাবাকে সঙ্গে নিয়ে এসেছেন ঈদের কেনাকাটা করতে। তিনি বলেন, সব জিনিসের দাম এবার আকাশছোঁয়া। তবু ঈদ বলে কথা। মায়ের জন্য ২ হাজার ২০০ টাকায় হাফ সিল্কের শাড়ি ও নিজের জন্য ২ হাজার ৫০০ টাকায় একটি থ্রি-পিস কিনেছেন।
কলেজশিক্ষক মাহমুদুল হক স্ত্রীর জন্য ৪ হাজার ৩০০ টাকায় সিল্কের একটি শাড়ি কিনেছেন। তিনি বলেন, গতবারের তুলনায় এবারের ঈদবাজারে কাপড়ের দাম অনেক বেশি।
সিটি সেন্টারের স্বপ্নলোকে ফ্যাশন হাউসের পরিচালক আসিফ ইকবাল খান, রং-বেরংয়ের মালিক নোমান মাহমুদ, জয়পুরী ফ্যাশনের মালিক রাকিবুল বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থলবন্দর পার হলেই আগরতলা। আর ভিসা সহজলভ্য বলে জেলার অধিকাংশ ক্রেতা কেনাকাটার জন্য আগরতলায় যাচ্ছেন। তাঁদের দাবি, এতে তাঁদের মতো দেশীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তবে সড়কবাজারের কলমালয়ের মালিক আশিষ পাল বলেন, ‘একশ্রেণির মানুষ আগরতলায় যাচ্ছে। তবে আমাদের বেচাবিক্রিও মোটামোটি ভালো।’