ঈদ ও পূজা উপলক্ষে সীমান্তে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা একে অন্যের আত্মীয়। বহু দিন দেখা নেই তাঁদের মধ্যে। কারও বাড়ি বাংলাদেশে, আবার কারও ভারতে। ঈদ ও পূজা উপলক্ষে দুই দেশের কর্তৃপক্ষ তাঁদের ২৮ অক্টোবর একত্র হওয়ার সুযোগ করে দিয়েছিল।দুই দেশের নাগরিকদের এই মিলনমেলা হয়েছিল সীমান্তের ১৩৭ প্রধান খুঁটির কাছে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল মাঠে। ২৮ অক্টোবর সকাল নয়টায় বিএসএফের ৮৫ ব্যাটালিয়ন পাকশী ক্যাম্পের সদস্যরা ওই খুঁটির কাছের প্রধান ফটক খুলে দেন। আগের দিন মাইকিং করে প্রথমে ভারতীয় নাগরিকদের এই আয়োজনের কথা জানানো হয়। পরে তাঁরা মুঠোফোনে বাংলাদেশে থাকা তাঁদের স্বজনদের সীমান্তে আসতে বলেন। সে অনুযায়ী বাংলাদেশিরা রংমহল মাঠে স্বজনদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। সকাল নয়টার আগেই প্রধান ফটকের দুই পাশে ভারত ও বাংলাদেশের কয়েক হাজার নাগরিক সমবেত হন।ভারতীয়দের পরিচয়পত্র জমা নিয়ে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়। এপারে এসে তাঁরা বাংলাদেশিদের সঙ্গে ঈদ ও পূজার শুভেচ্ছা বিনিময় করেন। দীর্ঘদিন পরে দেখা হওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বেলা পাঁচটায় এই মিলনমেলা ভেঙে যায়। এরপর ভারতীয়রা সীমান্তের ওপারে চলে যান। আর বাংলাদেশিরা ফিরে যান তাঁদের বাড়িতে।ভারতের মুর্শিদাবাদ জেলার শিবাজান বেওয়া (৭০) এসেছিলেন বাংলাদেশে থাকা তাঁর মেয়ে রোজিনা খাতুনের সঙ্গে দেখা করতে। দীর্ঘ ২৫ বছর পর মেয়ে, নাতি ও নাতনিকে দেখে খুশিতে তাঁর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। শিবাজান বেওয়া জানান, এখন মরে গিয়েও তিনি শান্তি পাবেন। ভারতের নদীয়া জেলার পাকশী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আল্পনা জানায়, বাবা ইরফান বোসের সঙ্গে এই প্রথম সে বাংলাদেশে এসেছে।ভারতের নদীয়া জেলার পাকশী ২ নম্বর ওয়ার্ড সদস্য আরশাদ শেখ জানান, তাঁরা দুই বাংলার সম্পর্ক উন্নয়নে প্রতিবছর এমন অনুষ্ঠানসহ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের অংশগ্রহণে ভলিবল ও ফুটবল খেলার আয়োজনের জন্য বিএসএফ-প্রধানের কাছে আবেদন করেছেন।