ঈদ ও হরতালে সর্বোচ্চ সতর্কাবস্থায় র্যাব-পুলিশ

ঈদের সময় ও পরে হরতালের কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ জানান, এ ব্যাপারে বিশেষ প্রস্তুতি রয়েছে তাঁদের। আজ বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক মুখলেছুর রহমানও ঈদগাহ ময়দানে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি জানান, ঢাকা মহানগরে র্যাবের দুই হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সারা দেশে র্যাবের আরও তিন হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। জঙ্গি হামলায় সুনির্দিষ্ট তথ্য না থাকলেও র্যাব এ ব্যাপারে সতর্ক রয়েছে বলে তিনি জানান।
এবারের রোজার ঈদে প্রায় ৭০ লাখ মানুষ ঢাকা শহর ছাড়বেন জানিয়ে ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ বলেন, এ জন্য ঢাকা শহরের প্রায় ১০ লাখ বাড়িঘর খালি থাকবে। তবে পুরো নগরের নিরাপত্তা ও পরের হরতালের কারণে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, হরতালের কর্মসূচির আড়ালে কেউ ফৌজদারি আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ঈদ উদযাপন শেষে কর্মজীবী মানুষ নিরাপদে ঢাকা শহরে ফিরতে পারবেন।
জাতীয় ঈদগাহে এক লাখ মুসল্লির ব্যবস্থা
ধর্ম প্রতিমন্ত্রী শাজাহান মিয়া জানিয়েছেন, জাতীয় ঈদগাহ ময়দানে এক লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। তিনি দাবি করেন, অন্যান্য বারের চেয়ে এবার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করার ব্যবস্থা ভালো।
ঢাকা সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা খোন্দকার মিল্লাতুল ইসলাম জানান, বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় না হলে ঈদের দিন সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে।
কোনো সমস্যা হলে সকাল নয়টায় বিকল্প ব্যবস্থায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে।
ঢাকা সিটি করপোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় ঈদগাহ ময়দানের আড়াই লাখ বর্গফুটের বেশি জায়গা ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে। পুরো ত্রিপলে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ যান থেকে পানি দিয়ে পরীক্ষা করানো হয়েছে বলে জানান মিল্লাতুল ইসলাম। তিনি জানান, মহিলাদের জন্য আলাদাভাবে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে, যেখানে পাঁচ হাজার মহিলা মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। অজুর ব্যবস্থা করা হয়েছে ঈদগাহ ময়দানের ১৪০টি স্থানে।
ঈদগাহ ময়দানে তিন স্তরের নিরাপত্তা তল্লাশি পার হয়ে মুসল্লিদের প্রবেশ করতে হবে। এ জন্য কয়েক দফা পুরো ঈদগাহ ময়দানে র্যাবের ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রীয় করা দল তল্লাশি চালিয়েছে।