ঈদ ও হরতালের ফাঁদে পড়ে শ্রমিকেরা বেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কয়েক শ দিনমজুর বেকার হয়ে পড়েছেন। ঈদ ও হরতালের কারণে প্রায় এক সপ্তাহ ধরে কাজকর্ম না থাকায় হাত গুটিয়ে বসে আছেন তাঁরা। উপার্জন না থাকায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে দিন কাটাচ্ছেন।শহরের নামাজগড় ও কলোনি এলাকার দুটি শ্রম বিক্রির হাটে প্রতিদিন ভোরে কাজের খোঁজে আসা এসব দিনমজুর কাজ না পেয়ে খালি হাতে ফেরত যাচ্ছেন। অন্য সময় এ দুটি হাটে প্রতিদিন ভোরে গড়ে পাঁচ শতাধিক মজুরের শ্রম কেনাবেচা হয়। কিন্তু ঈদের এক দিন আগে থেকেই সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় কাজ জুটছে না তাঁদের।খোঁজ নিয়ে জানা গেছে, পাকিস্তান আমল থেকে বগুড়া শহরের নামাজগড় বাজারে প্রতিদিন ভোরে দিনমজুরদের শ্রম বিক্রির হাট বসে। নামাজগড়ের পাশাপাশি স্বাধীনতা-পরবর্তী সময় থেকে শহরের কলোনি বাজারেও আরেকটি শ্রম বিক্রির হাট বসছে। সকালের মধ্যে নির্দিষ্ট মজুরির মাধ্যমে তাঁরা শ্রম বিক্রি করেন। গতকাল মঙ্গলবার ভোরে শহরের নামাজগড় বাজারের শ্রম বিক্রির হাটে গিয়ে দেখা গেছে, হরতালের দিনেও শহরতলি ও গ্রামাঞ্চল থেকে প্রায় ২০০ দিনমজুর এখানে শ্রম বিক্রি করতে এসেছেন। কিন্তু হরতালে কাজ নেই। বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান বলেন, কাজের সন্ধানে গ্রাম থেকে আসা এসব শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের জন্য সরকারের বিশেষ কর্মসূচি হাতে নেওয়া দরকার।