ঈদ কাটাতে যাচ্ছি বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে রাজধানী থেকে বাড়ি যাওয়া মানে এখন বিরাট ঝক্কি। প্রয়োজনীয় কেনাকাটা সারতে হয় ভিড়ে গুঁতোগুঁতি করে। টিকিট কাটতে হয় রীতিমতো কুস্তি লড়ে। এরপর ক্লান্ত শরীর নিয়ে গোছগাছ করো। তবু আপনজনদের টান উপেক্ষা করা যায় না। নিজ বাড়িতে গিয়ে তাদের সঙ্গে ঈদ কাটানোয় অন্য রকম মজা। এ কারণে বছরে অন্তত একটি ঈদ নিজ বাড়িতে গিয়ে কাটানোর চেষ্টা করি। আজ মঙ্গলবার সে ইচ্ছা নিয়েই বাড়ির পথে রওনা হয়েছি।

ভোর থেকে আবহাওয়া কিছুটা বিরূপ। এর মধ্যেই ঢাকার সায়েদাবাদ থেকে বাসে চড়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার উদ্দেশে যাত্রা। বৃষ্টি, অব্যবস্থাপনা, জীবনের ঝুঁকি—কোনো বিড়ম্বনা নেই এই ঈদযাত্রায়! সকাল সোয়া ছয়টায় বাস ছাড়ার কথা। বৃষ্টিতে ভিজে কাকডাকা সকালে বাসস্ট্যান্ডে হাজির। বসার জায়গা নেই। নেই দাঁড়ানোর জায়গা। যাত্রীরা বৃষ্টিতে ভিজে একাকার।

বৃষ্টি থামছে না। এদিকে বাসেরও খবর নেই। পরিবহন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে কঠোর ভাষায় বলে দিল, ‘এত ব্যস্ত হলে কি চলে? অপেক্ষা করেন।’

ছয়টা ৩৫ মিনিটে আমাদের বাসটি সায়েদাবাদ ছাড়ে। বাসভর্তি যাত্রীদের প্রায় সবারই গা ভিজে সারা। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজা শিশুদের মধ্যে কারও কারও গা গরম হয়ে উঠেছে। তাদের অভিভাবকেরা চিন্তায় অস্থির। এখন জ্বরটর বাধিয়ে বসলে ঈদের ছুটিই মাটি। এর পরও অনেকের মনে স্বস্তি—বাস যখন ছেড়েছে, এক সময় তো গন্তব্যে পৌঁছাবে।

সকাল সাড়ে সাতটার দিকে বাস মাওয়া ঘাটে পৌঁছাল। এই বাসের যাত্রা এখানেই শেষ। একই পরিবহনের অন্য বাস ওপারে অপেক্ষা করছে। লঞ্চে করে যাত্রীরা নদী পার হবেন।

বিসমিল্লাহ শিপিং ট্রেডার্সের লঞ্চটিতে তিনটি বাসের যাত্রীরা উঠবেন বলে আগে থেকে ঠিক ছিল। কিন্তু কে মানে কার কথা? দ্বিগুণ যাত্রী নিয়ে সকাল আটটার দিকে লঞ্চ ছাড়ে কাওরাকান্দি ঘাটের উদ্দেশে। উত্তাল পদ্মা। বড় বড় ঢেউ। যাত্রী-ঠাসা লঞ্চ এদিক-ওদিকে দুলতে থাকে বাড়তি ওজন নিয়ে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা—এই বুঝি লঞ্চ কাত হয়ে উল্টে যায়! অনেকের মুখে রব ওঠে, ‘দয়া করো আল্লাহ। নিরাপদে পৌঁছে দাও কূলে।’

এদিকে লঞ্চের ভাড়াও বেড়ে গেছে। জনপ্রতি ৩০ টাকার জায়গায় ৫০ টাকা করে নেওয়া হলো। সকাল সোয়া নয়টার দিকে ভালোয় ভালোয় ওপারে পৌঁছাল লঞ্চ।

বৃষ্টির বিরাম নেই। কাদাভরা পথ। পা হড়কালে খেতে হবে কাদায় লুটোপুটি। এই ঝুঁকি নিয়ে এগোতে থাকি বাসের দিকে। বাস আবার কাওরাকান্দি ঘাট থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে। সেখানে পৌঁছাতে হবে রিকশাভ্যানে করে। কিন্তু ভ্যান আছে গুটি কয়েক। ঈদ উপলক্ষে যাত্রী বেশি বলে ভাড়াও বেড়ে গেছে। ভ্যানচালকেরা ভাড়া হাঁকছেন ২০০ টাকা করে। অনেকে হেঁটেই রওনা দিলেন। কিন্তু এতেও কূল নেই। কার বাস কোথায় রাখা আছে, সেদিক নির্দেশনা নেই। কাজেই খুঁজে খুঁজে মরো। এ কাজ অতসী কাচ দিয়ে কণা পরিমাণ জিনিস খোঁজার চেয়ে কম বিড়ম্বনাকর নয়।

অবশেষে বাস পেলাম। ঠেসেঠুসে যাত্রীরা উঠলেন। সকাল ১০টার দিকে বাস ছাড়ল। মনের কোণে শঙ্কা তড়পাচ্ছে, সামনে না জানি আর কী দুর্ভোগ আছে! এর পরও আনন্দের পাল্লাটাই ভারী। জানি, বাড়িতে পা রাখা মাত্র আপনজনেরা যখন একে একে সামনে এসে দাঁড়াবে, ভুলে যাব পথের সব কষ্ট।

কাজী আলিম-উজ-জামান: সাংবাদিক