ঈদ কাটে একা একা, বাড়ি থেকে দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম মোস্তফা একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী। ঈদের দিনও তাঁকে দায়িত্ব পালন করতে হবে। তাই তাঁর বাড়ি যাওয়া হচ্ছে না। তিনি জানান, ঈদের আগের দিন রাত ১০টা থেকে ঈদের দিন বেলা দুইটা পর্যন্ত এটিএম বুথে থাকবেন। তারপর মেসে ফিরে ঘুম। এভাবেই কেটে যাবে ঈদ। 

ঈদে রুটিরুজির দিকে তাকিয়ে বাড়ির টান উপেক্ষা করা এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। বিশেষ করে এই রাজধানীতে। ঈদের ছুটিতে যখন ঢাকার বেশির ভাগ মানুষ রাজধানী ফাঁকা করে বাড়িতে গিয়ে ঈদ কাটাবেন, তখন এসব মানুষের সময় কাটবে নীরব কষ্ট নিয়ে।

ঈদের ছুটিতে ঢাকার সড়ক ফাঁকা। যাত্রী নেই তেমন। তাই অলস সময় কাটাচ্ছেন কয়েকজন চালক। ছবিটি আজ দুপুরে রাজধানীর ইন্দিরা রোড এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
ঈদের ছুটিতে ঢাকার সড়ক ফাঁকা। যাত্রী নেই তেমন। তাই অলস সময় কাটাচ্ছেন কয়েকজন চালক। ছবিটি আজ দুপুরে রাজধানীর ইন্দিরা রোড এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর মোস্তফা। সুবিধামতো কাজ না পেয়ে এখন তিনি নিরাপত্তাকর্মী। রাজশাহীতে তাঁর গ্রামের বাড়ি। সেখানে স্ত্রী ও সন্তান রয়েছে। স্বজনবিহীন ঈদ কাটানোর অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘এমনিতে কিছু বুঝি না। কিন্তু মেয়েটা ফোন দিয়ে যখন জিজ্ঞেস করে, আসব কি না, তখন একটু খারাপ লাগে।’
রাজধানীতে রিকশা চালান মো. শাহীন ইসলাম। বয়স ২৫-২৬ বছর। বাড়ি রংপুর। গত সাত বছরে গ্রামের বাড়িতে ঈদ করেছেন মাত্র একবার। ঈদে বাড়ি যাওয়ারে চেয়ে রিকশা চালানোটাই তাঁর কাছে ভালো। এ সময় রোজগার বেশি হয়। এ কারণে এবারও বাড়ি যাননি। তাঁর ঈদের দিনটি কাটবে রিকশার প্যাডেলে পা রেখেই।
শাহীন বলেন, ঢাকা শহরে তাঁর কেউ নেই। ঈদে একা থাকতে খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই। বাড়তি রোজগারের টাকাটাও মা-বাবার কাছে পাঠাবেন তিনি। আগে পোশাক কারখানায় কাজ করতেন। তখন অবশ্য ছুটি পাওয়া যেত। তবে রিকশা চালানোয় ‘স্বাধীনতা বেশি’ বলে মনে করেন তিনি। শুধু ঈদের দিনটিতেই ‘একটু খারাপ’ লাগে তাঁর।

ষাটোর্ধ্ব আমিনা বেগমের বাড়ি বিক্রমপুর। ঢাকায় থাকেন ডেমরায়। ঈদের দিন নাতির জন্য কোরবানির মাংস জোগাড় নিয়ে চিন্তায় আছেন। তিন ছেলে ও দুই মেয়ে তাঁর। এর মধ্যে দুই ছেলে মারা গেছেন। কাঁপা কাঁপা গলায় বলেন, ‘আমার একটা কালা (কালো) পোলা, আর একটা ধলা (ফরসা) পোলা মইরা গ্যাছে।’

ঈদের ছুটির সময়ে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ ফার্মগেট মোড় এলাকায় দ্বায়িত্ব পালন করছেন। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম
ঈদের ছুটির সময়ে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ ফার্মগেট মোড় এলাকায় দ্বায়িত্ব পালন করছেন। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

বয়স হলেও আমিনা সংসারের কাজে লাগাতে চান নিজেকে। মাঝেমধ্যে পল্টনে আসেন, মানুষের কাছে সাহায্য চান। তিনি ঠিক করেছেন, ঈদুল আজহায় অবস্থাপন্ন ব্যক্তিদের কাছ থেকে কোরবানির মাংস জোগাড় করবেন। তারপর আদরের নাতিকে তা রেঁধে খাওয়াবেন। গ্রামের বাড়িতে গেলে কোরবানির মাংস খুব একটা পাওয়া যায় না বলে জানান আমিনা। তাই একরকম বাধ্য হয়েই এই মহানগরে উৎসব কাটানো।

যানবাহন চলাচল ও যানজট নিয়ন্ত্রণে সহযোগিতা করা মাহবুবুর রহমানের কাজ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে একজন আনসার সদস্য। ঝিনাইদহে স্ত্রী-সন্তানের কাছে এবারও যাওয়া হবে না তাঁর। ঈদের দিন তাঁকে কারওয়ান বাজার মোড়ে দায়িত্ব পালন করতে হবে। ঈদ উপলক্ষে স্ত্রীর কাছে টাকা পাঠিয়েছেন। ঈদে নিজে আনন্দ করতে না পারলেও পরিবারের সদস্যদের মুখে হাসি দেখতে চান তিনি।

হতাশামাখা কণ্ঠে মাহবুবুর রহমান বলেন, ‘ঈদের দিন সবাই নামাজ আদায়ে যায়। আর আমি থাকি রাস্তায়। খারাপ লাগে, ভাই। কিন্তু কিছু করার নাই। কাজ তো করতেই হবে। নাইলে বউ-পোলাপান খাবে কী?’