ঈদ ক্যাম্পে ভারতীয় ভিসা পাচ্ছেন ৬০ হাজার বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হাইকমিশনের চলমান ঈদ ভিসা ক্যাম্পের মাধ্যমে প্রায় ৬০ হাজার বাংলাদেশিকে পর্যটক হিসেবে এক বছরের ভারতীয় মাল্টিপল ভিসা দেওয়া হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে আবার এ ধরনের ভিসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। পরের ভিসা ক্যাম্পটি ঢাকা ছাড়াও অন্য কোথাও আয়োজনের বিষয়টি ভারতীয় হাইকমিশন বিবেচনায় রেখেছে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা গতকাল সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ঈদ ভিসা ক্যাম্প উপলক্ষে বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নতুন এই চ্যান্সেরি ভবনে ৪ জুন থেকে ১২ দিনের ঈদ ভিসা ক্যাম্প শুরু হয়েছে, যা শেষ হবে ১৬ জুন। ভিসার ক্যাম্প চলাকালে পর্যটন ভিসা আবেদনকারীরা ই-টোকেন ছাড়াই সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন। প্রতিদিন সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পরিচালিত ভিসা আবেদনকেন্দ্রে আবেদনপত্র জমা নেওয়ার জন্য বিশেষ কাউন্টারেরও ব্যবস্থা করা হয়েছে।
স্টেট ব্যাংক ইন্ডিয়া পরিচালিত আইভ্যাকের (ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র) নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন স্থানের ১১টি কেন্দ্রে ভিসা-প্রক্রিয়া চলছে। ওই কেন্দ্রগুলোতে প্রতিদিন সাড়ে তিন হাজার লোককে ভিসা দেওয়া হয়। ঈদ ভিসা ক্যাম্প চলার সময় আইভ্যাকের ১১টি কেন্দ্রেও ভারতীয় ভিসা দেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।
হর্ষবর্ধন শ্রিংলা গতকাল সাংবাদিকদের বলেন, ক্যাম্প শুরুর পর প্রথম দিন ছয় হাজার ও দ্বিতীয় দিন দুই হাজার লোক ভিসা পেয়েছেন।