নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে কোচ মেরামতে তোড়জোড় শুরু হয়েছে। কারখানাটিতে ৮৪টি কোচ মেরামতের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। তবে সরঞ্জাম ও লোকবলের সংকটে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে কারখানার ক্যারেজ, পেইন্ট, বগি ও ভারী মেরামত (সিএইচআর) উপকারখানায় (শপ) গেলে ব্যাপক কর্মযজ্ঞ চোখে পড়ে। এ সময় কয়েকজন শ্রমিক বলেন, নিয়মিত কাজের বাইরে ঈদকে ঘিরে অতিরিক্ত ৮৪টি কোচ মেরামত চলছে শপগুলোতে। এর মধ্যে আছে ৪৬টি ব্রডগেজ (বড়) ও ৩৮টি মিটার গেজ (ছোট) লাইনের কোচ। তাই ব্যস্ততা।
ক্যারেজ শপের ইনচার্জ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী দিলশাদ করিম আবুহেনা বলেন, ‘প্রচুর কাজের চাপ। ঈদে ঘরমুখী রেলযাত্রীদের সেবা দিতে আমরা অতিরিক্ত কাজ করছি। নিয়মিত কাজের বাইরে শ্রমিকেরা প্রতিদিন ওভারটাইম করছেন। এ ছাড়া সাপ্তাহিক ছুটির দিনেও কাজ চলছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানার লোকবলের সংকট তীব্র আকার ধারণ করেছে। সাড়ে ৩ হাজার শ্রমিক-কর্মচারীর স্থলে বর্তমানে কর্মরত আছেন ১ হাজার ৩৩২ জন। এ ছাড়া প্রয়োজনীয় যন্ত্রাংশ সহজলভ্য নয়, আছে সরঞ্জামের সংকট। নেই বুশ, প্রিং, সুইং হ্যাঙারের স্বাভাবিক সরবরাহ। কারখানার শপ টু শপ ক্যারেজ স্থানান্তরের ট্রাভারসার মেশিনটি অব্যবহৃত হয়ে আছে। এর মেরামতকাজ শুরু হলেও দীর্ঘ এক বছরে তা সম্পন্ন হয়নি। ফলে কোচ মেরামতের কাজ সংকটে পড়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সৈয়দপুর রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক প্রকৌশলী বেলাল হোসেন সরকার। তিনি বলেন, কোনো যন্ত্রাংশ ও সরঞ্জামের সংকট নেই। কারখানায় সবকিছুই সরবরাহ দেওয়া হচ্ছে।
রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক মোখছেদুল মোমিন বলেন, নানা সংকটের মধ্যেও ঈদে কোচ মেরামতের বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারখানার শ্রমিক-প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করছেন। সবাই ব্যস্ত। আগামী ২ জুলাইয়ের মধ্যে ঈদের কোচগুলো রেলওয়ে পরিবহন (ট্রাফিক) বিভাগকে হস্তান্তর করা হবে।
জনবল ও সরঞ্জামের সংকটের কথা স্বীকার করে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঈদ এখন আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি (গুরুত্বপূর্ণ)। ঘরমুখী যাত্রীদের যাত্রা স্বচ্ছন্দময় ও নির্বিঘ্নœকরতে রেলওয়ে এখন মহা ব্যস্ত। কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখতে শ্রমিক-কর্মচারীরা অতিরিক্ত কাজ করছেন। কাজেই সময়মতো ৮৪টি কোচ লাইনে দেওয়া সম্ভব হবে।’