স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। কারাগারে আটক বন্দীরাও পিছিয়ে নেই সেই দৌড়ে। ঈদ ঘিরে কয়েক দিন ধরে চট্টগ্রাম আদালতে জামিনের আবেদন করেছেন শত শত বন্দী। গড়ে ১৫০ থেকে ১৬০ জন বন্দী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। সপ্তাহ খানেক আগে যা ছিল ৫০ থেকে ৬০ জন।
দু-একজন সন্ত্রাসী ছাড়া জামিন পাওয়াদের বেশির ভাগই মারামারি ও ছোটখাটো মাদক মামলার আসামি। গত শুক্রবার শীর্ষ সন্ত্রাসী সরোয়ার ম্যাক্সনের সহযোগী গিট্টু মানিক ও সীতাকুণ্ডের ১৪ মামলার আসামি দিদারুল আলম ভুট্টো ছাড়া বড় কোনো সন্ত্রাসীর জামিন মেলেনি বলে জানা গেছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন ধরে জামিননামার হার বেড়ে গেছে। প্রতিদিন গড়ে ১২০ জন বন্দী মুক্তি পাচ্ছেন। আগে পেতেন ৫০ থেকে ৬০ জন। বন্দীরা উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। এঁদের অধিকাংশই মাদক মামলা, মারামারি ও নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। দুর্ধর্ষ কোনো সন্ত্রাসীর জামিন আদেশ পাওয়া যায়নি।’
চট্টগ্রাম আদালতের মহানগর দায়রা জজ, মুখ্য মহানগর হাকিম, মহানগর হাকিম আদালত, বিচারিক হাকিম আদালতসমূহ, জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ আদালতসমূহে জামিন আবেদনের হিড়িক পড়েছে। মহানগর হাকিম (ম্যাজিস্ট্রেট) আদালতে জামিন না পেয়ে অনেকে চার দিনের মাথায় জামিনের জন্য বিশেষ আবেদনও করেন। গতকাল রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে ৫০টি জামিনের বিশেষ আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে শুনানির জন্য পাঠান সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কোর্টে। তবে সেখানে সবার জামিন মেলেনি। গতকাল তিন শ জামিনের আবেদন পড়ে মহানগর হাকিম আদালতে, বিচারিক হাকিম আদালতে পড়ে প্রায় দুই শ।
ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন না পেয়ে মহানগর দায়রা জজ আদালতে মিস মামলা করে জামিনের আবেদন করছেন। গতকাল রোববার মহানগর দায়রা জজ আদালতে প্রায় ৪০টি মিস মামলা ফাইল হয়। আর জামিন মেলে প্রায় ১৩টি মামলার আসামির। এগুলোর বেশির ভাগই মাদক মামলার আসামি।
নগরের পাঁচলাইশ থেকে স্বামী আলাউদ্দিনকে একটি ছিনতাই মামলা থেকে জামিনের আবেদন করে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান স্ত্রী লাকী আক্তার। জামিনে মুক্তির আদেশ পেয়ে খুশিমনে বাড়ি ফিরে যেতে দেখা গেছে রাউজানের আবদুর রহিমকে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পাবলিক প্রসিকিউটর ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, জামিনের আবেদন করা আসামির অধিকার। দেওয়া না-দেওয়া আদালতের এখতিয়ার। তবে চুরি, ছিনতাই, ডাকাতি, জাল টাকার মামলার আসামি ও বড় কোনো সন্ত্রাসীদের জামিনের আবেদন নাকচ করছেন আদালত।