ঈদ ঘিরে জামিন আবেদনের হিড়িক
আর এক দিন পরই পবিত্র ঈদুল আজহা। স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ছুটছে মানুষ। ঈদে বাড়ি ফিরতে চান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা হাজতিরাও। তাই গত কয়েক দিনে আদালতে জামিনের আবেদন করেছেন অনেক হাজতি।
কারাগার সূত্র জানায়, গত কয়েক দিনে প্রতিদিন গড়ে ৯০ থেকে ১০০ জন আসামি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সপ্তাহ খানেক আগে এই সংখ্যা ছিল ৩৫ থেকে ৪০ জন। সর্বশেষ গতকাল শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন ২৭০ জন হাজতি।
কারাগার ও আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম কারাগারে বর্তমানে মোট বন্দী আছেন চার হাজার ৪০ জন। তাঁদের বেশির ভাগই মাদক, মারামারি ও নারী নির্যাতন মামলার আসামি। ঈদে বাড়ি ফেরার আশায় তাঁদের অনেকে জামিনের আবেদন করেন।
সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর দায়রা জজ, মুখ্য মহানগর হাকিম, মহানগর হাকিম আদালত, বিচারিক হাকিমের আদালতসমূহ, জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ আদালতসমূহে জামিন আবেদনের হিড়িক পড়ে যায়। ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম দফায় জামিন না পেয়ে ফুটআপ দিয়ে আবারও জামিনের আবেদন করেছেন অনেক বন্দী। দায়রা জজ আদালতে মিস মামলা করেও জামিনের আবেদন করছেন অনেকে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ৫৪টি মিস মামলা ফাইল হয়। আর জামিন পান ৩০ জন।
গত কয়েক দিন ধরে আদালত ভবনে আইনজীবী ও বন্দীদের স্বজনদের ভিড় দেখা গেছে। স্বজনদের ভিড় দেখা গেছে চট্টগ্রাম কারা ফটকেও। জামিন পাওয়া বন্দীদের নিতে এসেছিলেন তাঁরা। গতকাল শুক্রবার বিকেলের পরে কমতে থাকে সেই ভিড়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহাবুবুল ইসলাম প্রথম আলোকে বলেন, বুধবার থেকে প্রতিদিন গড়ে ১০০ জন বন্দী মুক্তি পেয়েছেন। আগে যা ছিল ৩৫ থেকে ৪০ জন।
মুক্তি পেয়েছে দুর্ধর্ষ আসামিও: কারা সূত্র জানায়, চার মামলার আসামি মলম পার্টির দলনেতা আবুল হাশেম, নগরের কোতোয়ালির দুর্ধর্ষ ডাকাত মনির ও চন্দনাইশের আনোয়ার হোসেন, হিযবুত তাহ্রীর সদস্য আফজালুল আতিক ও আরিফ হোসেন বুধবার জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল কারাগারে জামিননামা আসে র্যাব-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাউজানের বিধান বড়ুয়ার। তিনি যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।