ঈদ ঘিরে বাড়ছে ইলেকট্রনিকস পণ্য বেচাকেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ ঘিরে বাড়ছে ইলেকট্রনিকস পণ্য বেচাকেনা। মডেল: মাহি ও বাপ্পি, ছবি: কবির হোসেন। স্থান কৃতজ্ঞতা: ট্রান্সকম ডিজিটাল গুলশান শাখা
ঈদ ঘিরে বাড়ছে ইলেকট্রনিকস পণ্য বেচাকেনা। মডেল: মাহি ও বাপ্পি, ছবি: কবির হোসেন। স্থান কৃতজ্ঞতা: ট্রান্সকম ডিজিটাল গুলশান শাখা

ঈদ ঘিরে কেনাকাটার আয়োজনে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে! এ হাওয়ায় যোগ দিচ্ছেন মধ্যবিত্তরাও। একসময় একটি নতুন পোশাক ও নতুন জুতো প্রাপ্তির আনন্দ এখন বিভিন্ন ফ্যাশন হাউসের নানা রঙের একাধিক হালফ্যাশনের পোশাকে এসে দাঁড়িয়েছে। একেকজনই কিনছেন কয়েকটি পোশাক, রং মিলিয়ে জুতো। সাজসজ্জার ক্ষেত্রে ঈদের আগে আগে বিউটি স্যালনে ভিড় করাও এখন খুব নতুন কিছু নয়। নতুন পোশাক আর সাজসজ্জায় নিজেকে সাজানোর সঙ্গে যোগ হয়েছে ঘর সাজানো। নতুন পর্দা, বিছানার চাদরের পাশাপাশি ঘর সাজানোর ঈদ কেনাকাটায় অগ্রাধিকার পাচ্ছে এখন ইলেকট্রনিকস পণ্য। উৎসব ভাতা ইলেকট্রনিকস পণ্য কেনার আগ্রহকে উসকে দিচ্ছে। উৎসব ভাতাকে সামনে রেখে ইলেকট্রনিকস পণ্য কেনার বাজেট করছেন অনেকে। ক্রেতাদের এ আগ্রহের কথা মাথায় রেখে বিভিন্ন নামীদামি কোম্পানি তাদের ইলেকট্রনিকস পণ্যে বিশেষ ছাড়ও দিচ্ছে।

তেমনই একজন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জিন্নাত রহমান। সিঙ্গারের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও ফোর কে স্মার্ট টিভি কিনেছেন তিনি। বললেন, বাসায় একটি এসির প্রয়োজন ছিল। আর টিভিটাও পুরোনো হয়ে গেছে। আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন ঈদ উৎসব ভাতা পাওয়ার পর জমানো টাকার সঙ্গে যুক্ত করে এবার টিভি আর এসি কিনে ফেলবেন। পোশাক কেনাকাটার বাজেট কমিয়ে এবার এ খাতেই টাকাটা খরচ করেছেন।
এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন রাকিব হোসেন। এবারের ঈদে বাবা-মায়ের কাছে তাঁর আবদার ছিল একটি স্মার্টফোনের। বাবা-মা তাঁকে বিমুখ করেননি। বাবার কাছ থেকে টাকা নিয়ে কয়েক দিন এ দোকান-সে দোকান ঘুরে শেষ পর্যন্ত পছন্দ করছেন এইচটিসি ব্র্যান্ডের একটি স্মার্টফোন। দাম নিয়েছে ৫০ হাজার টাকা। এই বয়সেই এত দামি মোবাইল ফোন? একগাল হেসে জবাব দিলেন, ক্যামেরা, ইন্টারনেট, বিভিন্ন অ্যাপ চালানো—সবকিছুর চাহিদা মেলাতে গিয়েই দাম একটু বেশি পড়ে গেছে। তবে ফোনটা পেয়ে তিনি দারুণ খুশি। বললেন, পোশাক কেনার চেয়ে পছন্দমতো ফোন কিনতে পেরে তাঁর খু্‌বই ভালো লাগছে।
ঈদুল ফিতরের দিনটি যতই এগিয়ে আসছে, বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের দোকানে ভিড়ও তত বাড়ছে। মোবাইল সেটের পাশাপাশি টিভি, ফ্রিজ ও বিভিন্ন গৃহসামগ্রী কেনাকাটাও বাড়ছে। তবে আসবাবপত্রের দোকানগুলোতে ভিড় তুলনামূলকভাবে কম। গত বছরের চেয়ে বিক্রিও কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বসুন্ধরা সিটির গ্যাজেট অ্যান্ড গিয়ার শোরুমের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ঈদ উপলক্ষে মোবাইল ফোনের বিক্রি কিছুটা বেড়েছে। বিভিন্ন বয়সের ক্রেতারা মোবাইল সেট কিনছেন। তবে ১২ থেকে ২০ হাজার টাকা দামের মোবাইল ফোনের চাহিদাই বেশি।
এডিসন গ্রুপের সিম্ফনি মোবাইলের ব্র্যান্ড প্রোমোটর হিসেবে কাজ করা রেজাউল করিম বলেন, ক্রেতাদের কাছ থেকে আশাতীত সাড়া পাচ্ছেন তাঁরা। মোবাইল সেট কেনার সময় ক্রেতারা বিশেষভাবে লক্ষ রাখছেন বেশি গতির র‍্যাম ও ক্যামেরার মানের দিকে।
কারওয়ান বাজারে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের শাখা ব্যবস্থাপক গোলাম আতওয়ার রহমান বলেন, গত মাসের চেয়ে চলতি মাসে টিভি ও ফ্রিজের বিক্রি বেড়েছে। স্মার্ট প্রযুক্তির অ্যান্ড্রয়েড টিভির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। এসিও কিনছেন কেউ কেউ। এ ছাড়া স্যামসাং কোম্পানির মোবাইল সেটের বিক্রিও বেড়েছে।
সনি সেন্টারে ব্র্যান্ড প্রোমোটর হিসেবে কাজ করছেন ফারজানা তানজিলা। তিনি বললেন, ঈদ উপলক্ষে সনির এক্সপেরিয়া ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোবাইল ফোনে নগদ ছাড় দেওয়া হয়েছে। হেডফোনে দেওয়া হয়েছে ৩০ শতাংশ মূল্যছাড়। এ ছাড়া টেলিভিশন ও ফ্রিজের বিভিন্ন মডেলেও ছাড় দেওয়া হয়েছে। তানজিলা জানান, ঈদ উপলক্ষে বিক্রি বেশ ভালোই হচ্ছে।
অন্যদিকে বসুন্ধরা সিটির ইলেকট্রনিকস পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান সোর্স ট্রেডিংয়ের ব্যবস্থাপক মো. মাহবুব আলম বলেন, রমজান মাসের শুরুতে জুসার ও ব্লেন্ডার মেশিনের চাহিদা ছিল বেশি।
তবে ঈদে ফার্নিচারের বিক্রি আশানুরূপ বাড়েনি বলে জানিয়েছেন বিক্রেতারা। পান্থপথের হাই-টেক ফার্নিচারের শোরুম ইনচার্জ হাবিবুর রহমান বললেন, বিক্রি গত মাসের চেয়ে কিছুটা বেশি। কিন্তু তা গত বছরের এ সময়ের তুলনায় কম।
অটবি লিমিটেডের রিটেইল ম্যানেজার আওলাদ হোসেন বলেন, ঈদ উপলক্ষে নির্দিষ্ট টাকার কেনাকাটা করলে তাঁরা গোল্ড কয়েন দিচ্ছেন। কিন্তু ক্রেতাদের সাড়া কম। তবে ঈদে ডাইনিং টেবিলের বিক্রি কিছুটা বেশি।
আজিমপুরের বাসিন্দা আবু সালেহ একটি ড্রেসিং টেবিল ও সোফাসেট কিনতে ঘুরে দেখছেন বিভিন্ন দোকান। তিনি বললেন, ঈদে বোনাসের টাকা দিয়ে ফার্নিচার কেনার পরিকল্পনা আগে থেকেই ছিল। এখন দেখতে এসেছেন। পছন্দ হলে কিনে নিয়ে যাবেন।
হাতিল ফার্নিচারসের পান্থপথ শাখার শোরুম ইনচার্জ মো. কায়কোবাদ বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন ফার্নিচারে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হয়েছে।