ঈদ জামাত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল আজহায় দেশে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। পুলিশ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজিয়েছে। তাই ঈদের জামাত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক এসব কথা বলেন।

আইজিপি বলেন, ঈদ শেষে রাজধানীমুখী মানুষের নিরাপত্তার জন্য সড়ক, মহাসড়কে হাইওয়ে ও জেলা পুলিশের নিরাপত্তাব্যবস্থা থাকবে। তিনি বলেন, ‘দুর্ঘটনা রোধে পরিবহন মালিক-শ্রমিকের সঙ্গে কথা বলেছি, তাঁদের সচেতনতা বৃদ্ধির ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ঈদ শেষে পরিবহন মালিকেরা চালকদের ছুটি দিয়ে দেন। ওই সময় হেলপার গাড়ি চালায়। আবার অনেক সময় বেশি গতিতে গাড়ি চালায়। এসব বন্ধ করতে পারলে দুর্ঘটনা কমে আসবে।’

আইজিপি বলেন, ঈদের সময় রাজধানী ছেড়ে যাবে অনেক লোক। এদের বাড়িঘর ও মার্কেটের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট আবাসিক ও মার্কেট নিয়োজিত  বেসরকারি নিরাপত্তারক্ষী, সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট থানা-পুলিশ সমন্বয় করে নিরাপত্তার ব্যবস্থা করবে।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি সফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়া, আবুল কামাল আজাদ সিদ্দিকী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।