ঈদ নিয়ে লিখে পুরস্কার
লিখেছিলেন অনেকে। পুরস্কার জিতেছে তিনটি লেখা। তবে এই তিনটি লেখাতেই একটি মিল ছিল। তিন লেখকই শৈশব ও কৈশোরের ঈদের স্মৃতি নিয়ে কলম ধরেছিলেন। তাতে আনন্দ যেমন ছিল, তেমনি ছিল দুঃখের রেশও।
গত ঈদুল ফিতরের আগে ঈদ নিয়ে আনন্দের অভিজ্ঞতা বা বিশেষ স্মৃতি নিয়ে প্রথম আলো আয়োজন করে ‘আমার ঈদ’ নামের প্রতিযোগিতা। প্রথমে লেখা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২২ জুন। কিন্তু পাঠকদের অনুরোধে সেই সময় বাড়ানো হয় আরও পাঁচ দিন। সেরা লেখকের জন্য ছিল ব্যাংকক, কলকাতা ও কক্সবাজার আসা-যাওয়ার এয়ার টিকিট। আজ সোমবার বিকেলে রাজধানীর সিএ ভবনে প্রথম আলোর কার্যালয়ে সেরা লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রথম পুরস্কার পেয়েছেন মো. ইমরান হোসেন। তাঁর লেখার শিরোনামটি ছিল, ‘ঈদের স্মৃতি’। পেশায় সরকারি চাকরিজীবী ইমরান লিখেছেন তাঁর শৈশবে কাটানো ঈদের স্মৃতি নিয়ে। সেই ঈদে হয়তো আর্থিক টানাপোড়েন ছিল, কিন্তু আনন্দ ছিল। ইমরানের মন্তব্যে, ‘কত মধুর ছিল সেসব দিন।’ পুরস্কার হিসেবে সঙ্গীসহ ঢাকা-ব্যাংকক-ঢাকা আসা-যাওয়ার এয়ার টিকিট পেয়েছেন তিনি।
দ্বিতীয় পুরস্কার পেয়েছেন নাদিয়া আহমেদ। তাঁর লেখার শিরোনাম ছিল, ‘আমার যে দিন গেছে...’। তিনি কানাডায় থাকেন। নাদিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন তাঁর বোনের স্বামী আহসানুল কবীর। দ্বিতীয় পুরস্কার ছিল ঢাকা-কলকাতা-ঢাকা সঙ্গীসহ আসা-যাওয়ার এয়ার টিকিট।
তৃতীয় পুরস্কার পেয়েছেন মো. ইকবাল হোসেন সুজন। পেশায় তিনি শিক্ষক। থাকেন গাইবান্ধায়। সঙ্গীসহ ঢাকা-কক্সবাজার-ঢাকা আসা-যাওয়ার এয়ার টিকিট পেয়েছেন তিনি। সুজনের লেখার শিরোনাম ছিল, ‘আমার কষ্টের ঈদ, আমার আনন্দের ঈদ’।
পুরস্কার প্রদান অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ এবং এ আয়োজনের সহযোগী ট্রাভেল কাইটসের প্রতিষ্ঠাতা ও সিইও মো. আবদুল্লাহ আল কাফি।
মো. আবদুল্লাহ আল কাফি বলেন, ‘চলতি বছরকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের মধ্যে ভ্রমণ অভিজ্ঞতা অন্যকে জানানোর প্রবণতা কম। আশা করব, পাঠকদের মধ্যে নিজেদের গল্প বলার ইচ্ছে আরও বাড়বে।’ আসন্ন ঈদেও প্রথম আলো এমন উদ্যোগ নিলে তার সঙ্গে থাকার আশা প্রকাশ করেন তিনি।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘পাঠকই সব গণমাধ্যমের প্রাণশক্তি। মানুষের গল্পের চেয়ে বড় কী আছে? এসব গল্পে বৈচিত্র্য থাকে। এ আয়োজনে পাঠকের অনেক লেখা আমরা পেয়েছি।’ এ সময় তিনি জানান, ভবিষ্যতে প্রথম আলো ভ্রমণ নিয়ে কাজ করার পরিকল্পনা করছে।
আরও পড়ুন...