ঈদ-পরবর্তী হরতালে শেরপুরবাসীও ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঈদুল ফিতর উৎসবের আমেজ শেষ হতে না হতেই আবার জামায়াতের দুদিনের হরতাল! দেশের মানুষ কি আনন্দ-উচ্ছল আর হাসিখুশিতে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারবে না? উৎসব আর আনন্দের রেশ নিয়ে গ্রাম থেকে রাজধানী ঢাকাসহ নিজ নিজ কর্মস্থলে নির্বিঘ্নে ফিরতে পারবে না? পবিত্র ধর্ম ইসলামের তথাকথিত রক্ষক বলে দাবিকারী দল জামায়াতে ইসলামী মনে হয় তা চায় না। যদি তা চাইত, তবে তারা ঈদের রেশ ফুরোতে না ফুরোতেই হরতাল আহ্বান করত না।’

১২ ও ১৩ আগস্ট জামায়াতে ইসলামীর ডাকা দুদিনের হরতাল নিয়ে এভাবেই আজ মঙ্গলবার সকালে ক্ষোভ প্রকাশ করেন মোহাম্মদ আলী আশরাফ (৪০)। তিনি শেরপুর জেলা শহরের গৌরীপুর মহল্লার একজন বাসিন্দা। রাজধানী ঢাকায় একটি বায়িং হাউসে মার্চেন্ডাইজার পদে চাকরি করেন। কর্মস্থলে খুব একটা ছুটি পান না। শুধু দুই ঈদে বাড়তি ছুটি নিয়ে বাড়িতে যান। কিন্তু এবার ঈদের ছুটির পরপরই জামায়াত হরতাল ডাকায় ঢাকায় ফিরতে বেশ বিড়ম্বনা পোহাতে হবে বলে তিনি জানান।

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন এবং ছোট বোনের বিয়ে উপলক্ষে ৫ আগস্ট সোমবার বাড়ি এসেছেন শেরপুর সদর উপজেলার সোনাবরকান্দা গ্রামের আলী আহাম্মদ (৪৮)। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, ‘বোনের বিয়ের জন্য কয়েক দিন বেশি ছুটি নিয়ে বাড়িতে এসেছি। আগামী ১২ আগস্ট আমার ছোট বোনের বিয়ের দিন ঠিক করা হয়েছিল। বরের বাড়ি নারায়ণগঞ্জে। কিন্তু ওই দিন জামায়াত হরতাল ডাকায় বরপক্ষ থেকে এখন বিয়ের দিন পেছানোর জন্য বলা হচ্ছে। ঈদ উপলক্ষে দূরের আত্মীয়স্বজন বাড়িতে আসেন। ইচ্ছে ছিল সবাইকে নিয়ে ধুমধাম করে ছোট বোনের বিয়ে দেব। কিন্তু অনাকাঙ্ক্ষিত এ হরতালের কারণে যথাসময়ে বোনের বিয়ে দেওয়া সম্ভব হবে না।’

হরতালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়েন পরিবহন খাতের ব্যবসায়ী, কর্মী ও যাত্রীরা। তাঁদেরই একজন শেরপুর জেলা শহরের গোপালবাড়ী মহল্লার পরিবহন ব্যবসায়ী তাপস রায়। তিনি বলেন, ‘ঈদের ছুটি শেষে মানুষ যখন কর্মস্থলে ফিরে যাবেন, ঠিক তখনই জামায়াত হরতাল ডাকায় এবার ঢাকা থেকে অনেক মানুষই গ্রামে আসতে চাচ্ছেন না। ফলে ঢাকা থেকে শেরপুরগামী বাসযাত্রী বিগত বছরগুলোর তুলনায় অনেক কম।’ হরতালের ফলে কর্মস্থলে ফিরে যেতে দুর্ভোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই ঈদে ঘরমুখো মানুষের সংখ্যা কম বলে তিনি মন্তব্য করেন।

শেরপুর শহরের নবীনগর বাস টার্মিনালের একজন মুটেমজুর (কুলি) কেরামত আলী (৫০) বলেন, ‘প্রত্যেক বছর ঈদ উপলক্ষে অনেক মানুষ বাড়িতে আসে। আবার ঢাকায় ফিরা যায়। এই সময় বাস-কোচে তাগর মালপত্র উঠাইয়া-নামাইয়া দিয়া অনেক ট্যাহা কামাই করি। কিন্তু এইবার যাত্রী কম। জামাত হরতাল দিওনে দুই দিন গাড়ি বনদ (বন্ধ) থাকব। অনেকেই ঢাকা থাইক্যা আসবার চাইতাছে না। তাই এইবার আমগর কামাইও খুব কম অইতাছে।’

শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের মো. শফিউল নরসিংদীর বাবুরহাটে রং-সুতার ব্যবসা করেন। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি এসেছেন। তিনি বলেন, ‘রমজান মাসসহ প্রায় সারা বছরই বিরোধী দল হরতাল দিয়েছে। এতে আমাদের ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির অনেক ক্ষতি হয়েছে। এখন আবার ঈদ উৎসবের সময় জামায়াত দুদিনের হরতাল দিয়েছে। তাহলে কি দেশের অর্থনীতির ক্ষতিসহ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের উৎসবের আনন্দটুকুও কেড়ে নিতে চায় জামায়াত? আমরা এ ধরনের হরতালের নিন্দা জানাই।’
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া বলেন, হরতালে সাধারণ মানুষের নৈতিক সমর্থন নেই। হরতালের ফলে মানুষ চরম ভোগান্তির শিকার হন। তার ওপর ঈদের ছুটি শেষ হতে না হতেই জামায়াত হরতাল ডাকায় ঈদের আনন্দ অনেকটা ম্লান হয়ে যাবে। তিনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত হরতাল প্রত্যাহারের জন্য জামায়াতের প্রতি আহ্বান জানান।

১ আগস্ট  জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এ রায়ের প্রতিবাদে দলটি ১২ ও ১৩ আগস্ট দেশব্যাপী হরতাল আহ্বান করেছে। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই এমন হরতালের কারণে রাজধানীমুখী যাত্রীরা চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হবে বলে সাধারণ মানুষ আশঙ্কা প্রকাশ করছে।