পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে গতকাল মঙ্গলবার আয়োজিত একটি অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে পুলিশ। সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মানবতাবিরোধী অপরাধে দণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।
জানতে চাইলে ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, পুলিশের অনুমতি ছাড়া রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি অনুষ্ঠানটির আয়োজন করেন। এ কারণে অনুষ্ঠানটি করতে দেওয়া হয়নি। রফিকুল জামায়াতে ইসলামীর সমর্থক।
রামচন্দ্রপুর গ্রামে স্থানীয় একতা ক্লাব ও পাঠাগারের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জেপি) ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের দাওয়াত দেওয়া হয়। গতকাল সকালে অনুষ্ঠানের মঞ্চ তৈরি করে শামিয়ানা টানানো হয়। সেখানে আমন্ত্রিত অতিথিদের জন্য খাবার রান্নার আয়োজন চলছিল। বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে সব আয়োজন বন্ধ করে দেয়।
একতা ক্লাব ও পাঠাগারের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিবছর ক্লাবের সদস্য ও এলাকাবাসীকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরও আয়োজন চলছিল।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, ‘সব দলের লোকজনকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমাকে প্রধান অতিথি করা হয়। এটা কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠান ছিল না।’