ঈদ পুনর্মিলনীতে সরব রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার রাজনীতিতে চাঙা ভাব ফিরে এসেছে। শহর থেকে গ্রাম—সর্বত্রই চলছে একের পর এক কর্মসূচি। ইফতার পর্বের পর এবার ঈদ পুনর্মিলনীর নামে মনোনয়নপ্রত্যাশীরা তৃণমূলের নেতা-কর্মীদের কাছে টানার চেষ্টা চালাচ্ছেন। এসব নেতার লক্ষ্য আগামী সংসদ নির্বাচনে দলীয় ও ভোটারদের সমর্থন আদায়।
চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনেই আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মনোনয়নপ্রত্যাশীরা এখন মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। রাজনীতিতে সক্রিয় নেতাদের পাশাপাশি মৌসুমি রাজনীতিকদের আনাগোনাও হঠাৎ করেই বেড়ে গেছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপ্রত্যাশীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের শুভেচ্ছা জানাচ্ছেন। ক্ষমতাসীন দলের দুই সাংসদ দলীয় নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও তাঁদের নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা বর্তমান সাংসদদের দুর্বল দিক ও নিজেদের গুরুত্ব তুলে ধরছেন। বিএনপি ও জামায়াতের নেতারাও নানা আশ্বাস দিচ্ছেন।
জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, উভয় জোটের মনোনয়নপ্রত্যাশীরা ঈদের আগে তাঁদের নির্বাচনী এলাকায় শাড়ি, লুঙ্গি, নগদ টাকা, সেমাই ও চিনি বিতরণ করেছেন। এবার ঈদ পুনর্মিলনীর নামে তাঁরা দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছেন।
চুয়াডাঙ্গা-১ (সদর-আলমডাঙ্গা) আসনে মনোনয়নপ্রত্যাশী বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার এবং কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শামসুল আবেদীন মাঠ চষে বেড়াচ্ছেন। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য অহিদুল ইসলাম বিশ্বাস, জেলা কমিটির অর্থসম্পাদক জাহাঙ্গীর আলম ও সদস্য সৈয়দ কামরুজ্জামান।
ঈদের আগে সম্ভাব্য প্রার্থীরা তোরণ নির্মাণ, ডিজিটাল ব্যানার ও পোস্টারে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের পর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানেও মনোনয়নপ্রত্যাশীদের উপস্থিতি দেখা গেছে। গত মঙ্গলবার পর্যন্ত চুয়াডাঙ্গা-১ আসন এলাকায় সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ও মনোনয়নপ্রত্যাশী শামসুল আবেদীন অন্তত ১০টি করে ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া শামসুজ্জামান নয়টি এবং অহিদুল ইসলাম বিশ্বাস ঈদ পুনর্মিলনীর আটটি করে কর্মসূচিতে যোগ দিয়েছেন। ১১ আগস্ট বিকেলে আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় শামসুজ্জামান ও অহিদুল ইসলামের সমর্থকেরা একই সময়ে অনুষ্ঠানের আয়োজন করায় প্রশাসন ভাংবাড়িয়া ইউনিয়নে ১৪৪ ধারা জারি করে।
চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-জীবননগর) আসনে বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আলী আজগার ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম ও সদস্য মীর্জা শাহরিয়ার মাহমুদ মাঠে আছেন। জেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক, তাঁঁর ছেলে আতিকুল হক এবং সহসভাপতি মোখলেছুর রহমান, কেন্দ্রীয় যুবদলের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খান রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত আছেন। জামায়াতের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল রুহুল আমীনও প্রচারণা অব্যাহত রেখেছেন।
সাংসদ আলী আজগার ও যুবদল নেতা মাহমুদ হাসান খান অন্তত ২৫টি করে ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এ ছাড়া মোজাম্মেল হক নয়টি, মোখলেছুর রহমান পাঁচটি এবং জামায়াত নেতা রুহুল আমিন পাঁচটি ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যরা দু-একটি করে ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
চুয়াডাঙ্গার আইনজীবী রফিকুল ইসলাম বলেন, সক্রিয় নেতাদের পাশাপাশি মৌসুমি নেতারাও এলাকায় তৎপরতা বাড়িয়ে দিয়েছেন। তবে ভোটারদের সতর্ক থাকতে হবে।