ঈদ-পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সভা
আসন্ন পবিত্র ঈদুল আজহা এবং দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেবে। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের পৃথক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সূত্র জানায়, ঈদুল আজহা ও দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদর দপ্তরে দুটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারি, পুলিশের অপরাধ বিভাগের প্রধান (সিআইডি) মোখলেসুর রহমান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদসহ ছয় বিভাগের কমিশনার, সব রেঞ্জের ডিআইজি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা। এ ছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় সবাই যাতে শান্তিপূর্ণ, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা এবং শারদীয় দুর্গোত্সবে উদযাপন করতে পারে, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন আইজিপি হাসান মাহমুদ খন্দকার। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায়, জঙ্গি ও সন্ত্রাসবাদকে ব্যবহার করে কোনো অশুভ চক্র যাতে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। কোরবানির পশু পরিবহন নির্বিঘ্ন রাখা এবং চামড়া যাতে পাচার না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে তাগিদ দেন তিনি।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, সভায় ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ সারা দেশে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ রোধ করাসহ রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে পকেটমার ও অজ্ঞান পার্টির তত্পরতা রোধে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি এবং মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশ বিশেষ তত্পর থাকবে। পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদে আর্থিক লেনদেন এবং জালনোট শনাক্ত করার ক্ষেত্রে পুলিশ প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।