ঈদ-পূজার আনন্দ নেই ১৩ গ্রামের মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় চার মাস ধরে পটুয়াখালীর কলাপড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ১৩টি গ্রামের দেড় সহস্রাধিক পরিবারের প্রায় ১০ হাজার মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে। প্রতিদিন জোয়ারের পানি ঢোকায় জলাবদ্ধতার মধ্যে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে তারা। এবারের ঈদ ও পূজার আনন্দ ম্লান হয়ে গেছে তাদের।
চাড়িপাড়া গ্রামের কৃষক শরীফ আলী হাওলাদার বলেন, ‘চাইর মাস ধইর‌্যা মোরা কষ্টের মধ্যে আছি। বান (বেড়িবাঁধ) ভাইংগ্যা যাওনে মোগো এই অবস্থা অইছে। অ্যাহন মোগো থাহনেও কষ্ট, খাওনেও কষ্ট। এই দিকে কারও নজর আছে বইল্যা মোনে অয় না। এদিকে কোরবানির ঈদ আইছে। কিন্তু মোগে ঘরে হের আনন্দ নাই।’
৪ ও ৫ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, পশুরবুনিয়া ও চাড়িপাড়া গ্রামের ৫০টি পরিবার বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর ছাপরা ঘর তুলে আশ্রয় নিয়েছে। চারদিকে পানি ও কাদা। খেতের ফসল নষ্ট হয়ে গেছে। গ্রামগুলোর মানুষের বসতঘর ও বাড়ির উঠানে পানি ওঠানামা করায় ঘরগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এসব ঘরের মেঝে পানি-কাদায় একাকার। অনেকে ঘরের মধ্যে উঁচু মাচা তৈরি করে কোনোমতে দিন যাপন করছে। কাদা-মাটি আর লবণাক্ত পানির মধ্যে বসবাস করায় অনেকের হাত-পায়ে ঘা হয়ে গেছে। কারও কারও শরীরে খোসপাঁচড়াসহ নানা চর্মরোগ দেখা দিয়েছে।
বানাতিপাড়া গ্রামে পানি ও কাদার মধ্য দিয়ে একটি বাড়িতে গিয়ে দেখা যায় উঠানে কাদা। ঘরে ঢুকে দেখা যায় মেঝেতেও কাদা। উঁচু মাচায় বসে আছেন পুষ্পরানী। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘরের সামনে জোয়ারের জল জইম্যা আছে। কত কষ্টে আছি দেহেন। এই বড় পূজায় পোলাপানেরে কিছু কিইন্যা দিমু, হ্যায়াও পারি না। এহন যে অবস্থা পূজা দেখতেও যাইতে পারুম না।’
লালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর তারিকুজ্জামান বলেন, ‘একটি জনপদের অবস্থা কতটা ভয়াবহ হয়ে পড়েছে, তা কাউকে বুঝিয়ে বিশ্বাস করানো যাবে না। শুধু চোখে দেখলেই কেবল বাস্তবতা অনুধাবন করতে পারবেন।’
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ওই এলাকার মানুষের সমস্যা আসলেই মারাত্মক। বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, বাঁধ ভেঙে যাওয়ায় এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে। তবে বিশ্বব্যাংকের অর্থায়নে ওই এলাকার বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শারদীয় উৎসব ও ঈদ সামনে রেখে ওই এলাকার মানুষের জন্য ভিজিএফের বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।
গত মে মাসে ঘূর্ণিঝড় মহাসেন এবং এরপর রামনাবাদ নদীর প্রবল জোয়ারের চাপে ইউনিয়নের ৪৭/৫ বন্যানিয়ন্ত্রণ বাঁধের নাওয়াপাড়া, চাড়িপাড়া, মুন্সীপাড়া ও বুড়োজালিয়া পয়েন্ট ভেঙে যায়। এর পর থেকে ওই এলাকার চাড়িপাড়া, পশুরবুনিয়া, বানাতিপাড়া, ১১ নম্বর হাওলা, মুন্সীপাড়া, বড় ৫ নম্বর, ছোট ৫ নম্বর, মঞ্জুপাড়া, বুড়োজালিয়া, চৌধুরীপাড়া, কলাউপাড়া, গোলবুনিয়া গ্রামের এক হাজার ৫৫০টি পরিবারের প্রায় ১০ হাজার মানুষ উচ্চ জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। চার মাস পার হলেও ভেঙে যাওয়া বাঁধ মেরামতে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।