ঈদ-বাজারে শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহায় জামা, জুতা ও প্রসাধনসামগ্রী কেনার দিকে ক্রেতাদের ঝোঁক কম থাকে। তবে ঈদ যতই ঘনিয়ে আসে, আস্তে আস্তে কেনাকাটার তালিকা বাড়তে থাকে। ছোট মেয়েটার জন্য একটা জামা না কিনলে কেমনে হবে। কিশোরী মেয়েটা তো গাল ফুলিয়ে বসে থাকবে। বাসায় সারা বছর যে মেয়ে বা ছেলেটি কাজ করছে, তাকে তো কিছু একটা দিতেই হবে। ফলে ঈদ-বাজারে যথারীতি ভিড়। তবে এ ভিড়ে বিক্রেতারা খুশি হতে পারছেন না।গতকাল শনিবার নগরের বিভিন্ন বিপণিকেন্দ্রে ক্রেতাদের আনাগোনা বেশি ছিল। অনেকে ঈদ করতে ঢাকার বাইরে যাবেন, তাই বাড়িতে অপেক্ষমাণ প্রিয় মুখগুলোর জন্য টুকিটাকি কেনাকাটা করছিলেন। শুক্রাবাদের মেট্রো শপিংমলে ভিড় তুলনামূলক কম ছিল। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইয়াসমিন ঈদ করতে রংপুরে যাবেন। তাই দুই বোন ও ভাবির জন্য থ্রিপিস, ভাইয়ের জন্য ফতুয়া আর ভাইয়ের ছেলেমেয়েদের জন্য জামা কিনেছেন বলে জানালেন। শীত প্রায় এল বলে কেনাকাটায় ফুলহাতা বা একটু মোটা কাপড়কে ইয়াসমিন প্রাধান্য দিয়েছেন বলেও জানালেন।গতকাল আসাদ গেটের আড়ংয়ে ছিল প্রচণ্ড ভিড়। জামার মাপ ঠিক আছে কি না, তা দেখার জন্য ট্রায়াল রুমের সামনে মেয়েদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। অনেকে এত সময় দাঁড়াতে পারবেন না বলে জামা কেনা বাদ দেন, অথবা ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে পরনের জামার ওপরই মাপটি ঠিক আছে কি না, তা দেখার চেষ্টা করছিলেন।আড়ংয়ের নিচে লাল-সবুজ, এলিফ্যান্ট রোডের জুতার দোকান বাটায় ৬০ শতাংশ ও কারওয়ান বাজারের বাটায় ৩০ শতাংশ, মিরপুর রোডের প্রবর্তনায় ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।প্রবর্তনা ঈদ উপলক্ষে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। প্রবর্তনার বিক্রেতা মিন্নি বলেন, বিক্রি মোটামুটি ভালো, তবে রোজার ঈদের মতো নয়। প্রবর্তনায় ক্রেতারা গজ কাপড়, কাচের চুড়ি, ছোটদের জামাকাপড় বেশি কিনছিলেন।তবে রাপা প্লাজা থেকে কেনাকাটা করা ইশরাত বলেন, ঈদ-বাজার বলে মনেই হচ্ছে না। ইশরাত বাসার সবার জন্য জুতা কিনেছেন। তাঁর মতে, ক্রেতাদের ভিড় কম থাকায় হয়তো দামও কিছুটা কম রাখছেন বিক্রেতারা।মোহাম্মদপুরের কৃষি মার্কেটে দুই পাশের দোকানের মাঝখানের জায়গায় পাটি বিছিয়ে বিক্রেতারা টুপি, আতরসহ বিভিন্ন জিনিস বিক্রি করছিলেন। অন্যান্য দোকানে ক্রেতা না থাকলেও টুপি, আতরের ক্রেতা বেশি ছিল। কৃষি মার্কেটের একটু সামনেই চন্দ্রবিন্দু ফ্যাশন হাউসের মালিক শহীদুল বলেন, বিক্রি তেমন একটা নেই।ফ্যাশন হাউস অঞ্জনস, নগরদোলা, বাংলার মেলা, পিরান, রঙ, দেশাল, উনিশ-কুড়িতে সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবির পাশাপাশি রয়েছে ঘর সাজানোর জিনিস। তবে ঈদের আমেজ বেশি পাওয়া যায় নিউমার্কেট, গাউছিয়া ও চাঁদনী চকে। এসব জায়গায় অন্যান্য জায়গার তুলনায় কিছুটা কম দামে জিনিস পাওয়া যায় বলে সব ধরনের ক্রেতা একবার হলেও সেখানে ঢুঁ মারেন। ঈদ উপলক্ষে নিউমার্কেট থেকে লতিফা আকন্দ পুরো বাসার জন্য নতুন পর্দা কিনেছেন। তিনি বলেন, ‘ঈদে আত্মীয়স্বজন সবাই আসে। তাই ঘরের সাজসজ্জায় পরিবর্তন আনতে হয়।’ খাবার টেবিলে বিভিন্ন পদের খাবার সাজানোর জন্য নারীরা কিনছেন রকমারি তৈজসপত্র। তবে পুরো সেটের চেয়ে খুচরা বাটি, গ্লাস বা কাপের বিক্রি বেশি বলে জানালেন মুন্নু সিরামিকের বিক্রেতারা।