ঈদ বোনাস ও ছুটি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটি বাড়ানো ও বেতনের সমপরিমাণ ঈদ বোনাস দেওয়ার দাবিতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জিরাব এলাকায় ম্যাগপাই নিট কম্পোজিট নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার বিক্ষোভ করেছেন। পরিস্থিতি সামাল দিতে শ্রমিকদের আংশিক দাবি মেনে নিয়ে কর্তৃপক্ষ দুপুরের পর কারখানাটি ছুটি ঘোষণা করে দেয়।
শ্রমিকেরা জানায়, আশুলিয়ার কারখানাগুলোতে ৭ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ১৬ আগস্ট শুক্রবার থাকায় কারখানা খোলা হবে ১৭ আগস্ট। কিন্তু ম্যাগপাই কর্তৃপক্ষ ১৪ আগস্ট কারখানা খোলার নোটিশ দেয়। শ্রমিকেরা গতকাল কর্মস্থলে উপস্থিত হয়ে ওই নোটিশ পেয়ে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে তাঁরা ১৬ আগস্ট পর্যন্ত কারখানা বন্ধ রাখার পাশাপাশি মূল বেতনের সমপরিমাণ ঈদ বোনাস দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন।