ঈদ মৌসুমে বন্যায় সর্বস্বান্ত তাঁতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই শাড়ি-লুঙ্গির উপযুক্ত দাম মিলছে না। উৎপাদিত কাপড় লোকসানে বিক্রি করতে হচ্ছে তাঁতিদের। এমন অবস্থায় পাবনার বেড়া উপজেলার তাঁতিদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে বন্যা।
বন্যার কবলে পড়ে তাঁতিরা তিন থেকে চার সপ্তাহ ধরে বেকার হয়ে রয়েছেন। খেয়ে না-খেয়ে দিন কাটছে তাঁদের।
তাঁতিদের অনেকে জানান, ঈদুল ফিতর ও ঈদুল আজহা তাঁতিদের কাঙ্ক্ষিত মৌসুম। প্রতিবছর এই দুটি মৌসুমে কাপড়ের চাহিদা বেশি থাকে বলে তাঁতিরা বাড়তি আয় করতে পারেন। তবে গত ঈদুল ফিতরে ভালো দাম না পাওয়ায় তাঁরা তেমন লাভ করতে পারেননি। তাই আশা ছিল, ঈদুল আজহায় ভালো দামে কাপড় বিক্রি করবেন। এ জন্য তাঁরা মহাজন ও বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে রং-সুতা কিনে শাড়ি-লুঙ্গি তৈরির কাজও শুরু করেছিলেন। কিন্তু কাজের চূড়ান্ত সময়টাতেই তাঁদের ঘরে হানা দিয়েছে বন্যা। তাঁতঘরে বন্যার পানি ঢুকে শুধু তাঁতযন্ত্রই নষ্ট হয়নি, ঋণের টাকায় কেনা রং-সুতাও নষ্ট হয়ে গেছে অনেক তাঁতির।
এদিকে তিন-চার দিন ধরে বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু বন্যার পানিতে তাঁতঘর ও তাঁতযন্ত্রসহ অন্য উপকরণ নষ্ট হয়ে যাওয়ায় শিগগিরই তাঁতের কাজ শুরু করার উপায় নেই অনেকের। ফলে এসব তাঁতির ঈদুল আজহার বাজার ধরার উপায় নেই।
বন্যায় বেড়া উপজেলার তাঁতসমৃদ্ধ মালদাপাড়া, পেঁচাকোলা, রাকশা, সাফুল্যাপাড়া, বাটিয়াখরা, নেওলাইপাড়া, সোনাপদ্মা, রূপপুর, খানপুরাসহ দশটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গ্রামগুলোর পাঁচ হাজারের বেশি তাঁত বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার তাঁতশ্রমিক।
নতুনভারেঙ্গা ইউনিয়ন প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি শাহ আলম বলেন, ‘বন্যার কারণে শুধু আমার ইউনিয়নেই হাজার খানেক তাঁত বন্ধ আছে। এতে বেকার হয়ে রয়েছেন এ এলাকার আড়াই হাজারের বেশি তাঁতশ্রমিক। ঈদের এই সময়টায় তাঁতিদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাই।’
সরেজমিনে দেখা গেছে, তাঁতিদের বাড়িঘর থেকে বন্যার পানি নামতে শুরু করলেও তাঁদের দুর্ভোগ কমেনি। বেশির ভাগ তাঁতির তাঁতঘর কর্দমাক্ত হয়ে রয়েছে। বন্যার পানিতে ডুবে থাকায় তাঁতযন্ত্র ও অন্যান্য সামগ্রী অকেজো হয়ে পড়েছে। তাঁতিরা জানান, এগুলো মেরামত করার অর্থ দূরে থাক সংসার চালানোর অর্থই তাঁদের কাছে নেই।
গত বৃহস্পতিবার বন্যাকবলিত পেঁচাকোলা গ্রামের তাঁতি নাজিমউদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁতঘর থেকে পানি নামলেও উঠোনে পানি রয়েছে। এরই মধ্যে স্ত্রীকে সঙ্গে নিয়ে তাঁতসামগ্রী পরিষ্কারে ব্যস্ত তিনি। নাজিম উদ্দিন বলেন, ‘খুব আশা করিছিল্যাম, ঈদের মৌসুমে বাড়তি আয় করার। অথচ বন্যার জন্যে এক মাস ধইর্যাল আমার তাঁত দুইখান বন্ধ। ঈদের আগে চালু করব্যার পারব কি না ঠিক নাই। এবারের ঈদের আনন্দ আমাগরে শ্যাষ হয়া গেছে।’
একই গ্রামের তাঁতশ্রমিক আমির হোসেন বলেন, অন্যের তাঁতে কাজ করে প্রতিদিন ১৫০ থেকে ২০০ টাকা আয় হতো তাঁর। বন্যায় তাঁত বন্ধ হয়ে যাওয়ায় মাস খানেক হলো সে আয় বন্ধ রয়েছে। এ অবস্থায় খেয়ে না-খেয়ে দিন কাটছে।
বাংলাদেশ তাঁত বোর্ডের সাঁথিয়া কার্যালয়ের (বেসিক সেন্টার) লিয়াজোঁ কর্মকর্তা এবাদত হোসেন বলেন, বেড়ায় প্রায় ১৫ হাজার তাঁত রয়েছে। এর প্রায় পাঁচ হাজার বন্যায় তাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে এসব তাঁতি ও তাঁতশ্রমিকদের সহায়তা দেওয়া প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।