ঈদ মৌসুমেও তাঁতিদের মুখে হাসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতরের আগের এক-দেড় মাস হলো তাঁতিদের সুখের মৌসুম। কিন্তু এবার ঈদ মৌসুমেও পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার তাঁতিদের মুখে হাসি নেই।
তাঁতিরা সারা বছর অপেক্ষায় থাকেন এই মৌসুমের জন্য। কারণ, এই সময়ে কাপড়ের দাম ও চাহিদা দুই-ই বাড়ে। ফলে বাড়তি আয়ের আশায় দিন-রাত পরিশ্রমে ব্যস্ত থাকেন তাঁরা। বন্ধ তাঁতগুলোও সচল হয়ে ওঠে এই মৌসুমে। তাঁতিদের আকাঙ্ক্ষিত এই মৌসুমে বন্ধ তাঁত চালু হওয়া দূরের কথা, সচল তাঁতগুলো চালু রাখতেই হিমশিম খাচ্ছেন তাঁতিরা। কারণ ঈদুল ফিতর সামনে রেখে সুতা, রংসহ কাপড় তৈরির বিভিন্ন সামগ্রীর দাম বাড়লেও কাপড়ের দাম খুব একটা বাড়েনি।
আট-দশজন তাঁতি বলেন, এমনিতেই দীর্ঘদিন ধরে তাঁতশিল্পে বিপর্যয় চলছে। এর ওপর তিন মাসের টানা হরতাল-অবরোধ তাঁতিদের কোমর ভেঙে দিয়েছে। হরতাল-অবরোধের সময় দূরের পাইকারেরা না আসায় স্থানীয় হাটে তাঁতিরা কাপড় বিক্রি করতে পারেননি। ওই সময়ে তাঁদের উৎপাদিত শাড়ি-লুঙ্গি স্থানীয় মহাজনদের কাছে পানির দরে বিক্রি করতে হয়েছে। মহাজনেরা ঈদুল ফিতরের বাজার সামনে রেখে সেই সব কাপড় মজুত করে রেখেছিলেন। এখন মজুত কাপড় বাজারে ছেড়ে দেওয়ায় কাপড়ের দাম বাড়তে পারছে না। ফলে বর্তমানে তাঁতিরা যেসব কাপড় বুনছেন, বাজারে সেগুলোর প্রত্যাশিত দাম পাচ্ছেন না।
ঈদুল ফিতরের মৌসুমে শাড়ি-লুঙ্গি বিক্রি করে হরতাল-অবরোধের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার আশা করেছিলেন তাঁরা। কিন্তু তাঁদের সেই আশা পূর্ণ হয়নি।
সাঁথিয়ার তাঁতসমৃদ্ধ গ্রাম ছেঁচানিয়ায় গিয়ে জানা যায়, বছর পাঁচেক আগে এই গ্রামে প্রায় পাঁচ হাজার তাঁত চালু ছিল। বর্তমানে এর পরিমাণ কমতে কমতে পাঁচ শরও নিচে এসে দাঁড়িয়েছে বলে জানান গ্রামের মানিক মিয়া, সজীব হোসেন, আবু সাঈদসহ ১০-১২ জন তাঁতি।
গ্রামের একটি তাঁত কারখানার মালিক সজীব হোসেন বলেন, বছর তিনেক আগেও তাঁর কারখানায় ২০টি তাঁত চালু ছিল। অথচ ঈদ মৌসুম হওয়া সত্ত্বেও এখন তাঁর কারখানায় মাত্র দুটি তাঁত চালু আছে। তিনি জানান, সুতা, রংসহ তাঁতসামগ্রীর দাম বাড়লেও কাপড়ের দাম বাড়েনি। বর্তমান বাজারদরে কোনো রকমে উৎপাদন খরচ উঠছে। এ অবস্থা চললে ঈদের পর এই তাঁত দুটিও তিনি বন্ধ করে দেবেন।
উত্তরাঞ্চলের প্রধান কাপড়ের হাট শাহজাদপুরে গিয়ে কথা হয় বেড়ার কাপড় ব্যবসায়ী আখতার হোসেনের সঙ্গে। তিনি বলেন, বেড়া-সাঁথিয়ার বেশির ভাগ তাঁতেই লুঙ্গি উৎপাদিত হয়। গত হরতাল-অবরোধের সময় লুঙ্গির দাম একেবারে পড়ে গিয়েছিল। সেই দাম থেকে বর্তমান ঈদের বাজারে লুঙ্গির দাম প্রতি থানে (চারটি) ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। কিন্তু ঈদের বাজার ও উৎপাদন খরচ বিবেচনায় আনলে দাম বাড়া উচিত ছিল কমপক্ষে ১০০ টাকা।
বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি শাহ আলম বলেন, ‘ঈদের বাজারেই তাঁতিরা কিছু না কিছু লাভ করে। কিন্তু এবার তাঁতিদের ভাগ্যে লাভ নাই। অন্যবার ঈদ মৌসুমে বন্ধ তাঁত চালু হয়। কিন্তু এবার চালু তাঁতই বন্ধ হওয়ার দশা হইছে।’