ঈদ মৌসুমেও চালু হয়নি বন্ধ তাঁত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসানের মুখে পাবনার সাঁথিয়া উপজেলার ছেঁচানিয়া গ্রামের বাবলু মিয়া পাঁচটি তাঁত বন্ধ করে দেন মাস ছয়েক আগে। তিনি ভেবেছিলেন, ঈদ মৌসুমে বন্ধ তাঁতগুলো চালু করে আগের লোকসান কিছুটা পুষিয়ে নেবেন। কিন্তু সুতার দাম আরেক দফা বাড়ায় পুনরায় লোকসানের আশঙ্কায় ঈদ মৌসুমেও তিনি তাঁতগুলো চালু করতে পারেননি। মহাজনের ঋণ শোধ করতে এখন সবগুলো তাঁত বিক্রির চেষ্টা করছেন। কিন্তু কারও কাছেই সেগুলো বিক্রি করতে পারছেন না।‘একেকটা তাঁতের দাম আট হাজার টাকা। অর্ধেক দামে বেচপ্যার চাত্যাছি। তাও কেউ নেয় না। আর নিবিই বা কিডা? গিরামের বেশির ভাগ তাঁতিই তো এখন তাঁত বেচার জন্যে উঠ্যাপড়্যা লাগিছে।’ বলছিলেন বাবলু মিয়া।গত ২৮ আগস্ট ছেঁচানিয়া গ্রামে গেলে এ প্রতিবেদকের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসেন অনেকেই। বলতে চান বিপর্যস্ত তাঁতশিল্পের কথা, তাদের কষ্টের কথা। রাসেল, আদিল, মোশাররফ হোসেনসহ আরও অনেকে জানান, বছরখানেক আগেও তাদের গ্রামে হাজার চারেক তাঁত চালু ছিল। এখন হাজার দেড়েক তাঁত কোনোমতে চালু রয়েছে। তাদের ধারণা, ঈদের পর বাকি তাঁতগুলোও বন্ধ হয়ে যাবে। ছেঁচানিয়া গ্রামের মতো একই চিত্র পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার তাঁতসমৃদ্ধ অন্যান্য গ্রামের। বছরখানেক আগেও দুই উপজেলায় প্রায় ২০ হাজার তাঁত চালু ছিল। সুতাসহ অন্যান্য তাঁতসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে মাস ছয়েক আগে বন্ধ হয়ে যায় কমপক্ষে ১২ হাজার তাঁত। ব্যাপক লোকসানের মুখে পড়ে এবং ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক তাঁতিকে বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে হয়। তাঁতিরা ভেবেছিলেন, ঈদ মৌসুমে কাপড়ের চাহিদা ও দাম বাড়ে, তাই এই সময়ে তাঁরা বন্ধ তাঁতগুলো আবারও চালু করবেন। কিন্তু সুতার অগ্নিমূল্যের কাছে বন্ধ তাঁত তাঁরা চালু করতে পারেননি, বরং অনেকে চালু তাঁতও বন্ধ করে দিয়েছেন।সাঁথিয়ার আরেক তাঁতসমৃদ্ধ গ্রাম করমজা মধ্যপাড়ায় তাঁতের শব্দে আগে কানে তালা লাগত। এখন চিত্র অন্য রকম। গ্রামের একটি তাঁত কারখানার মালিক আবদুর রাজ্জাক জানান, বছরখানেক আগেও তাঁর কারখানায় ২৪টি তাঁত চালু ছিল। এখন চালু রাখতে পেরেছেন মাত্র ১১টি। তিনি জানান, এ মহল্লার ৬০০ তাঁতের মধ্যে প্রায় সাড়ে তিন শ তাঁতই গত এক বছরে বন্ধ হয়েছে। বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার তাঁত কারখানার মালিক মো. গিয়াস উদ্দিন জানান, মাঝখানে সুতার দাম কিছুটা কমেছিল। কিন্তু ঈদ মৌসুম আসতেই আবার বেড়েছে। আট মাস আগে যে সুতার দাম বান্ডিলপ্রতি এক হাজার ১০০ টাকা ছিল, সেই সুতার দাম বেড়ে এখন হয়েছে দুই হাজার টাকা। অথচ ঈদের বাজারে প্রতিটি লুঙ্গিতে দাম বেড়েছে মাত্র ২০ থেকে ২৫ টাকা। তিনি জানান, এখন বাজারের যে অবস্থা, তাতে কোনো রকমে উৎপাদন খরচ উঠছে, কিন্তু লাভ হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, তাঁতশিল্পের বিপর্যয়ে গত এক বছরে অসংখ্য তাঁতমালিক ঘরবাড়ি বিক্রি করেও মহাজনের ঋণ শোধ করতে পারেননি। অনেকে পরিণত হয়েছেন সাধারণ শ্রমিক বা দিনমজুরে। বেড়ার সানিলা গ্রামের নূরুজ্জামান তেমনই একজন। গত বছরেও তাঁর সাতটি তাঁত ছিল। ঋণের টাকা শোধ করতে গিয়ে সবগুলো তাঁত বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন তিনি। এখন তিনি দৈনিক ১২০ টাকা মজুরিতে সাঁথিয়ার একটি তাঁত কারখানায় শ্রমিকের কাজ করেন। নূরুজ্জামান বলেন, ‘একসময় তাঁত আমাগরে সুখ, টাকা-পয়সা সব দিছিল। সে সময় অনেকেই আমাগরে বাড়িতে তাঁতের কাম করত। অথচ আইজ আমাগরেই অন্যের বাড়িতে কাম করতি হয়।’তাঁতশিল্পের এমন বিপর্যয়ে বেড়া ও সাঁথিয়ায় গত কয়েক মাসে অন্তত ২৫ হাজার তাঁতশ্রমিক বেকার হয়ে পড়েছেন। শ্রমিকেরা জানান, কাজের ভিত্তিতে মজুরি হওয়ায় তাঁরা সারা দিন তাঁত বুনে ১০০ থেকে ১৪০ টাকার বেশি আয় করতে পারেন না।