ঈদ যাত্রায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে বিশেষ সতর্কতা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখী মানুষের উদ্দেশে দেশের রেলওয়ের পশ্চিমাঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সৈয়দপুরে রেলওয়ে জেলা পুলিশ সতর্কতা বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

রেলওয়ে জেলা পুলিশ দপ্তর জানায়, কোরবানির ঈদ ঘিরে ঘরমুখী যাত্রীদের ভ্রমণ নিরাপদ ও নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ লাইন থেকে ৬৯০ জন পুলিশ সদস্য ও ১১৫ জন আনসার সদস্যকে পাঠানো হয়েছে বিভিন্ন রেলওয়ে স্টেশনে। এদের মধ্য থেকে একাধিক টিম চলন্ত ট্রেনে টহল দেবে। পশ্চিমাঞ্চল রেলওয়ের বড় বড় স্টেশনে স্থাপন করা হয়েছে তথ্যকেন্দ্র। বসেছে স্ক্যানিং মেশিন মেটাল ডিটেক্টর। যা দিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। আর যাত্রী সচেতনতা বাড়াতে বিলি করা হচ্ছে লিফলেট। স্টেশনে স্টেশনে পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে। যাতে উল্লেখ রয়েছে যাত্রী সচেতনতামূলক বিভিন্ন নির্দেশনা। ট্রেনে যাতে নাশকতা না হয় এবং চোরাচালান ঠেকাতে তৎপর থাকবে রেলওয়ে পুলিশ। যাত্রীরা যাতে কোনো ব্যক্তির কাছে কোনো খাবার গ্রহণ না করেন, ট্রেন লক্ষ্য করে ঢিল ছোড়া না হয়, এসব বিষয় নিয়েও সচেতনতা করা হয়েছে ওই লিফলেটে। এ নিয়ে তথ্য দিতে সৈয়দপুরে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। চালু করা হয়েছে হটলাইন। এর নম্বর হচ্ছে ০৫৫২৬-৭২১৪৭ এবং ০১৭৩৩৩৯০১৯২।

পুলিশ জানায়, সৈয়দপুর রেলওয়ে জেলার অধীনে রয়েছে ১২টি থানা। থানাগুলো হলো সৈয়দপুর সদর, দিনাজপুর, পার্বতীপুর, লালমনিরহাট, বোনারপাড়া, সান্তাহার, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, রাজশাহী, রাজবাড়ী, পোড়াদহ ও খুলনা। এ ছাড়া আরও ১৬টি পুলিশ ফাঁড়ির মাধ্যমে রেল স্থাপনাগুলোতে পাহারা বাড়ানো হয়েছে। ১৬ আগস্ট থেকে ঈদ পরবর্তী ১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৭ দিন চলবে এই সতর্কতা কার্যক্রম।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান বলেন, ‘ঈদ যাত্রায় যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে রেল পুলিশ প্রস্তুত। প্রয়োজনে আমরা জেলা পুলিশেরও সহযোগিতা নেব। দারুণভাবে সতর্ক রয়েছি আমরা। যে কোনো রকম সংকট দেখা দিলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রয়েছে। আমাদের পুলিশ পৌঁছে যাবে যাত্রীদের দোরগোড়ায়।’