ঈদ শুভেচ্ছার আড়ালে নির্বাচনের ইঙ্গিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের শুভেচ্ছা বিনিময়ের আড়ালে আগামী সংসদ নির্বাচন করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন চাঁদপুর-৫ আসনের (হাজীগঞ্জ-শাহরাস্তি) সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিরা। রমজানের মাঝামাঝি সময় থেকে আওয়ামী লীগের সম্ভাব্য নতুন তিনজন, আওয়ামী লীগ ও বিএনপির সাবেক চারজন এবং বর্তমান সাংসদ প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গণসংযোগ করেছেন।

হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নিয়ে চাঁদপুর-৫ সংসদীয় আসন। এই আসনে বর্তমান সাংসদ মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি ঈদুল ফিতরের আগে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করেছেন। পাশাপাশি দুই উপজেলায় একাধিক ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে নেতা-কর্মী ও জনগণের মধ্যে উন্নয়নের তথ্য তুলে ধরেছেন।

নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের সাংসদ (চাঁদপুর ও লক্ষ্মীপুর) নুরজাহান বেগম; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন; হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুর রশিদ মজুমদার; আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এ কে এম ফজলুল হক ও কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা মো. সিরাজ উদ্দিন আহম্মেদ সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন। তাঁদের সঙ্গে বিএনপির সাবেক সাংসদ এম এ মতিন ও জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক এলাকায় গণসংযোগ করছেন।

এম এ মতিন রমজান মাসে নেতা-কর্মীদের নিয়ে এলাকায় ইফতারের অনুষ্ঠান করেছেন। আর মমিনুল হক ঈদের পরে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ১৩২টি মামলার আসামি হাজারখানেক নেতা-কর্মীকে একত্র করে তাঁদের সুখ-দুঃখের কথা শুনেছেন।

নুরজাহান বেগম ঈদের আগে দুই উপজেলার নেতা-কর্মী ও জনগণের মধ্যে কাপড়চোপড় বিতরণ ও আর্থিক সহযোগিতা দিয়েছেন এবং ঈদের পর দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গণসংযোগ করেছেন। মোহাম্মদ হোসাইন ঈদের আগে একাধিক স্থানে ইফতারের অনুষ্ঠান করেছেন। আবদুর রশিদ মজুমদার রমজানের মাঝামাঝি প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে ইফতার করেছেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণা দেন। এ কে এম ফজলুল হক জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রত্যন্ত অঞ্চলে ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন। আর সিরাজ উদ্দিন আহম্মেদ ঈদের পরদিন বাকিলা ও রাজারগাঁও ইউনিয়নে গণসংযোগ করেছেন।

নুরজাহান বেগম দাবি করেন, দলীয় নেত্রীর নির্দেশ পেয়েই তিনি গণসংযোগ করছেন। ঈদের পরের শুক্রবার চিতোষী (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের কুলখানি অনুষ্ঠানে গেলে সেখানে সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা তাঁকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নতুন মুখ মোহাম্মদ হোসাইন দাবি করেন, নেত্রীর সবুজ সংকেত পেয়েই তিনি গণসংযোগে নেমেছেন। তিনি বলেন, ‘জণগনের কাছে যাচ্ছি। দলের ত্যাগী নেতা-কর্মীরা আমার সঙ্গে আছেন।’

আবদুর রশিদ মজুমদার বলেন, ‘দুবার পৌরসভার চেয়ারম্যান এবং দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। জনপ্রতিনিধি হওয়ার সুবাদে জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। জনগণের উন্নয়নের জন্য আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন চাইব।’

জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক বলেন, আন্দোলন করায় দুই উপজেলায় নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৩২টি মামলা হয়েছে। মামলায় হাজারখানেক আসামি রয়েছেন। এসব নেতা-কর্মীকে উদ্বুদ্ধ করার জন্য ঈদের পরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়েছে। তিনি নেতা-কর্মীদের চাঙা করার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

বিএনপির সাবেক সাংসদ এম এ মতিন বলেন, দীর্ঘদিন পর বিএনপির দুই পক্ষের মধ্যে ঐক্য হয়েছে। নির্বাচনের আগে দুই পক্ষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে অংশ নেবে। দল থেকে মনোনয়ন পেলে অবশ্যই তিনি নির্বাচন করবেন।

বতর্মান সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম দেশের বাইরে থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া যায়নি।