ঈদ শুভেচ্ছার কত বাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে এভাবেই ঈদের শুভেচ্ছা বিনিময় চলছে
ফেসবুকে এভাবেই ঈদের শুভেচ্ছা বিনিময় চলছে

ঈদের নামাজ শেষে কোলাকুলি, বন্ধুদের সঙ্গে আড্ডা বা অতিথিদের সঙ্গে দেখা হলে হয়তো সশরীরে শুভেচ্ছা বিনিময় হয়। কিন্তু এর বাইরেও থেকে যায় অনেক সুহৃদ, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। তাঁদের কাছে ঈদের শুভেচ্ছা পাঠানোর অন্যতম মাধ্যম মুঠোফোন। কয়েক বছর আগেও এসএমএসে ঈদের শুভেচ্ছা পাঠানোর বেশ চল ছিল। এখন সেই জায়গা নিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক।

ফেসবুকের নীল-সাদা জমিনে গতকাল থেকেই ভাসছে নানাজনের ঈদের শুভেচ্ছা। কেউ নিজের স্ট্যাটাস আপডেট করছেন ঈদের শুভেচ্ছা জানিয়ে। আবার কেউ কেউ আপলোড করছেন ‘ঈদ মোবারক’ লেখা গ্রাফিক্যাল ছবি। অনেকে অ্যানিমেশন ছবিতে জানাচ্ছেন শুভেচ্ছা। এসব ছবির সব কটিতেই দেখা যাচ্ছে বাঁকা চাঁদ।

ফেসবুক স্ট্যাটাসে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সুহাস এস চৌধুরী। অসাম্প্রদায়িকতা ছিল এর মূল সুর। তিনি লিখেছেন, ‘স্বধর্মে নিষ্ঠা ও পরধর্মে শ্রদ্ধা হোক জীবনাদর্শ। ঈদ মুবারক, রথযাত্রার শুভেচ্ছা...।’

ব্যক্তিগতভাবে ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ করে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। তাতে স্থির ছবির পাশাপাশি ব্যবহার করা হচ্ছে অ্যানিমেশন ছবি। রাশেদ রনি নামের এক ফেসবুক ব্যবহারকারী পাঠিয়েছেন একটি অ্যানিমেশন ছবি। তাতে দেখা গেছে, কিছু সাদা মেঘের ওপরে নেমে আসছে বাঁকা চাঁদ। আর ঠিক সেই সময়েই ফুটে উঠছে ইংরেজিতে লেখা ঈদের শুভেচ্ছা।

পৃথ্বী সাহা পেশায় একজন ব্যবসায়ী। তিনিও ফেসবুকের বন্ধুদের অ্যানিমেশন ছবি পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তাতে ইংরেজিতে লেখা ‘ঈদ মোবারক’। ক্ষণে ক্ষণে রং পরিবর্তন হচ্ছে সেটির।

কেউ কেউ আবার ফেসবুকের মেসেজে পাঠাচ্ছেন অডিও ফাইল। কাউসারুজ্জামান এমনই একজন। তাঁর পাঠানো অডিও ফাইল খুললেই শোনা যাচ্ছে, সুরেলা কণ্ঠে গাওয়া ঈদ মোবারক।

ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন কে এস এম মুহিতুল বারী। এবার তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রতিষ্ঠানের নাম লেখা ছবির মাধ্যমে। নতুন এই প্রতিষ্ঠানটি শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কে এস এম মুহিতুল বারী বলেন, ‘নিজের পাশাপাশি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ঈদের শুভেচ্ছা জানিয়েছি। এ ছাড়া নতুন প্রতিষ্ঠানের ব্যাপারে সবাইকে জানানোও হলো। ফেসবুকের মাধ্যমে সহজে সবার কাছে পৌঁছানো যায়। এটিই মূল কারণ।’

আবার ঈদের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে কেউ কেউ সৃষ্টিশীলতাও দেখাচ্ছেন। এস এম রাইসুল ইসলাম একটি সাদা কাগজে হাতে লিখেছেন ঈদ মোবারক, নিচে নিজের নাম দিয়েছেন, তারপর তার ছবি তুলে মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছেন পরিচিতজনদের।