ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া

ঈদ আনন্দের সঙ্গে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে নওগাঁ জেলার দুটি পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লায়। পৌর ও ইউনিয়নবাসীর দৃষ্টি আকর্ষণ করে ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জেলার তিনটি পৌরসভার মধ্যে দুটিতে (নওগাঁ ও নজিপুর) ২০১০ সালের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা হয় ২০১১ সালের জানুয়ারি মাসে। সেই হিসাবে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হবে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে। আর জেলার ৯৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালের জানুয়ারি মাসে। ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ শেষ হবে ২০১৬ সালের মার্চে। সেই হিসাবে মার্চ-এপ্রিলে পৌরসভা ও ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে নির্বাচন কর্মকর্তা ওবায়দুল হক বলেন, এই মুহূর্তে ইউপি ও পৌর নির্বাচনের বিষয়ে তাঁদের কাছে কোনো খবর নেই।
সরেজমিনে দেখা গেছে, রাস্তার মোড়, মার্কেটের দর্শনীয় স্থান, স্কুল-কলেজের গেট ও দেয়াল, বিদ্যুতের খুঁটি, গাছ—যেদিকে চোখ যায়, ঈদ শুভেচ্ছার পোস্টার ও ফেস্টুনের ছড়াছড়ি। ঈদের আনন্দের সঙ্গে নির্বাচনী আমেজে বিভিন্ন এলাকা মুখরিত হয়ে উঠেছে। পৌর এলাকা ছাড়াও বিভিন্ন ইউনিয়নের চায়ের দোকানগুলোতে দেখা যায় একসঙ্গে জড়ো হয়ে সবাই ঈদের শুভেচ্ছা বিনিময় ও নির্বাচনী আলাপচারিতায় ব্যস্ত।
নওগাঁ পৌরসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ মেয়র পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে জোরেশোরে মাঠে নেমেছেন। পৌরসভার প্রতিটি মহল্লা, পাড়ায় তাঁর পোস্টার চোখে পড়েছে। সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে জেলা যুবলীগের আহ্বায়ক খোদাদদ খান পিটুও ঈদ শুভেচ্ছা জানিয়ে পৌরসভায় পোস্টার-ব্যানার ও তোরণ লাগিয়েছেন। এ ছাড়া যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম পোস্টার না ছাপালেও তিনিও মেয়র প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
বিএনপি-সমর্থকদের মধ্যে বর্তমান পৌর মেয়র নজমুল হক সনি, পৌর বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন আহমেদ ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে পোস্টার ও তোরণ লাগিয়েছেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঈদের সময় এলাকার সবাই যাঁর যাঁর কর্মস্থল থেকে ঈদ উদ্যাপন করতে এলাকায় আসেন। তাই পোস্টার ছাপিয়ে এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী পৌর নির্বাচনের জন্য পৌরবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। তিনি বলেন, দল তাঁকে সমর্থন দিলে এবং পৌরবাসী তাঁকে মেয়র হিসেবে নির্বাচিত করলে নওগাঁ পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলবেন।
পৌর বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন আহমেদ বলেন, তিনি আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছেন। তিনি আশাবাদী, দল তাঁকে সমর্থন দেবে। তবে তিনি দলের সিদ্ধান্তের বাইরে কিছু করবেন না। এটাই তাঁর প্রথম নির্বাচন, এ জন্য আগে থেকেই তিনি প্রচারণা চালাচ্ছেন।
নজিপুর পৌরসভায় পোস্টার ও ব্যানার লাগিয়ে প্রচারণায় এগিয়ে রয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীন। পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান। এ ছাড়া পৌরসভার বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ঈদ শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগিয়েছেন।
মেয়র পদের সম্ভাব্য প্রার্থী মিল্টন উদ্দীন বলেন, দল তাঁকে সমর্থন দেবে, এই আশ্বাস পেয়ে তিনি গত ঈদুল ফিতর থেকে মাঠে নেমেছেন। দলীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ও পৌরবাসীও তাঁর সঙ্গে আছেন বলে তিনি দাবি করেন।
মামলার কারণে ধামইরহাট পৌরসভায় গতবার নির্বাচন না হওয়ায় প্রশাসক দিয়ে চলছে পৌরসভা। মামলার নিষ্পত্তি না হলে এবারও নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। তাই এই পৌরসভায় নির্বাচন নিয়ে তেমন কোনো প্রচারণা চোখে পড়েনি। তবে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতারা পৌর নির্বাচনের জন্য দোয়া না চাইলেও এলাকাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগিয়েছেন।