ঈদ শেষে এখনো অনেকে বাড়ি যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি শেষ গত বুধবার। রাজধানীতে সেদিন থেকেই ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। তবে অনেকে এখনো বাড়ি যাচ্ছেন। ঈদে যানজটের ঝক্কি এড়াতে অনেকে এখন বাড়ি যাচ্ছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের পাশাপাশি দেখা গেছে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড়ও।
কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল দেখা গেল, ট্রেনে করে মানুষ যেমন ঢাকায় ফিরেছেন তেমনি ঢাকা ছেড়ে যাচ্ছেন অনেকে। বেলা একটা পর্যন্ত ২২টি ট্রেন ঢাকায় যাত্রী নিয়ে ফিরেছে। অন্যদিকে ১৮টি ট্রেন বিভিন্ন রুটে যাত্রীসহ ঢাকা ছেড়ে গেছে। স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘সারা দিনে ৬৯টি ট্রেন কমলাপুর ছেড়ে যেমন যাবে তেমনি ৬৯টি ট্রেন কমলাপুরে যাত্রী নিয়ে আসবে। ছুটির দিন বলেই দু-একটা ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে আর কিছু ট্রেনের শিডিউল পেছানো হয়েছে। আজকেও অনেক মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন। মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আমরা ব্যবস্থা নিয়েছি।’
সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালের কাউন্টারগুলোতে ঢাকার বাইরে যাওয়া মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মহাসড়ক ফাঁকা থাকায় অনেকে এ সময়ই ঢাকা ছাড়ছেন পরিবারের সঙ্গে দেখা করতে। নিম্ন আয়ের অনেকেই পরিবারের জন্য মাংস নিয়ে বাড়ি যাচ্ছেন।
চারটি কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেল, সিলেট ও চট্টগ্রাম মহাসড়কে এখন আর তেমন কোনো যানজট নেই। তাই মানুষ অল্প সময়েই কোনো যানজটের ভোগান্তি ছাড়াই যাতায়াত করছেন।
সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারগুলোতে মানুষের ভিড় রয়েছে। কেউ কেউ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন।
মো. হৃদয় যাবেন চট্টগ্রামে। দুপুর ১২টায় শ্যামলী কাউন্টারে এসে তৎক্ষণাৎ টিকিট পাননি। হৃদয়ের মতো আরও কয়েকজনকে কয়েকটি বাস কাউন্টার থেকে টিকিট না পেয়ে ফেরত যেতে দেখা যায়। শ্যামলী পরিবহনের ফোরম্যান মো. ইব্রাহিম বলেন, যাত্রীর চাপ এখনো এত বেশি, তাই সিট পাচ্ছে না অনেকে।
হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. আবদুর রাজ্জাক বলেন, ‘সিলেট ও চট্টগ্রাম রোডে এখনো যানজট কম। রাস্তা ফাঁকা আছে। এখনো প্রচুর মানুষ বাড়িতে যাচ্ছেন, যাত্রীর চাপ আছে। আপনি চট্টগ্রাম যেতে চাইলে এখন আপনাকে টিকিটের জন্য দুই ঘণ্টা অপেক্ষা করতে হবে। তা-ও ভালো সিট পাবেন না।’
যাত্রীদের এমন চাপ দেখা গেল ইউনিক, শ্যামলী, সোহাগ, ঈগলসহ সায়েদাবাদ বাস টার্মিনালের বিভিন্ন বাস কোম্পানির কাউন্টারগুলোতে।
বেসরকারি ব্যাংক কর্মকর্তা রাকিবুল ইসলাম তাঁর দুই মেয়েকে নিয়ে চট্টগ্রামে যাবেন। তিনি বললেন, ‘ঈদের ছুটি বাড়িয়ে নিয়েছিলাম। ওই সময় গেলে তো যানজটে পড়তাম। এখন রাস্তা ফাঁকা আছে। তাই রিল্যাক্সে বাড়ি যাব। অল্প কয়দিন থেকে আবার ঢাকায় চলে আসব।’
সদরঘাট লঞ্চঘাটেও প্রতিদিনের মতো দেশের ৪১টি বিভিন্ন রুটে লঞ্চ ছেড়ে যেতে দেখা গেল। এসব লঞ্চে উপচে পড়া ভিড় না থাকলেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ৫৫ বছর বয়সী গৃহকর্মী আঞ্জুমান যাবেন বরিশাল। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঈদের কয়দিন মুই গোশত টোহাইছি। অহন বাইত যাই, সবতেরে লইয়া রাইন্দা খামু।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সদরঘাট টার্মিনালের ট্রাফিক ইন্সপেক্টর মো. আবদুস সাত্তার বলেন, ‘গতকালও লঞ্চগুলোতে অনেক মানুষ ঢাকা ছেড়েছেন। আজও সকালে একটু কম ছিল, বিকেলে মানুষের ভিড় বেড়েছিল।’