ঈদ শেষে মানুষ কর্মস্থলমুখী দৌলতদিয়ায় যানের দীর্ঘ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঈদ শেষে ফের কর্মস্থলে ছুটতে শুরু করেছেন। ঈদের এক দিন পর গতকাল শুক্রবার দুপুর থেকেই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ সারি শুরু হয়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উদ্যাপন শেষে শুক্রবার থেকেই হাজার হাজার মানুষ কর্মস্থলে ছুটতে শুরু করেছেন। বিশেষ করে দুপুর ১২টার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে যাত্রীবাহী পরিবহন আসতে শুরু করলে ঘাটে প্রায় দীর্ঘ তিন কিলোমিটার সারির সৃষ্টি হয়। তবে সন্ধ্যার দিকে যানবাহনের জট কিছুটা কমে আসতে শুরু করে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার জানান, শনিবার থেকে অনেক বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকায় লোকজন শুক্রবার থেকেই কর্মস্থলে রওনা হয়েছেন। তিনি আরও জানান, শুক্রবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক হাজার ৭৮০টি যানবাহন দৌলতদিয়া ঘাট দিয়ে শুধু ফেরি পার হয়েছে। এর মধ্যে অধিকাংশই যাত্রীবাহী বাস। এ ছাড়া লঞ্চ পারাপারের যাত্রী তো আছেই। ঘাটে বর্তমানে নয়টি বড় ও তিনটি ছোট ফেরি চালু রয়েছে।
লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার বলেন, শুক্রবার দুপুরের পর থেকেই লঞ্চঘাটে মানুষের চাপ বাড়তে থাকে। রোববার সরকারি অফিস খোলার কারণে আজ শনিবার মানুষের চাপ আরও বাড়বে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষ রাজধানীসহ অন্যান্য অঞ্চলের উদ্দেশে ছুটতে শুরু করায় দুপুর (শুক্রবার) থেকেই দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। বিকেল পর্যন্ত চার শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল। শনিবার যানবাহনের চাপের পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি মনে করেন। তবে যাত্রী ও যানবাহন পারাপার নিশ্চিত করতে দুটি ভ্রাম্যমাণ আদালত ঘাটে কাজ করছেন বলে ইউএনও জানান।