ঈদ সামনে, বিক্রি বেড়েছে ফ্রিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর সাত দিন পরই ঈদ। ঈদ উপলক্ষে সামর্থ্যের মধ্যে কমবেশি কেনাকাটা থাকে বেশির ভাগ মানুষের। তবে ঈদুল আজহায় পশু কোরবানির বিষয়টি মুখ্য থাকায় এ ঈদ ঘিরে ফ্রিজ কেনাটাই প্রাধান্য পায়। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। ফ্রিজের শোরুম ঘুরে সে তথ্যই পাওয়া গেল। কেউ কোরবানির মাংস রাখার জন্য ডিপ ফ্রিজ কিনছেন, কেউ ফ্রিজের ব্র্যান্ড পাল্টাতে নতুন ফ্রিজ কিনছেন। সচেতন ক্রেতারা ফ্রিজের দাম যাচাই-বাছাই করার পাশাপাশি কোন ব্র্যান্ড কী ধরনের ছাড় দিচ্ছে, কী ধরনের উপহার ও সুযোগ-সুবিধা দিচ্ছে, সেটাও বিবেচনায় নিচ্ছেন।

রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটের ইলেকট্রনিকসের দোকানগুলোতে ঘুরে ঘুরে ফ্রিজ দেখছিলেন মো. শহীদুল। জানালেন, তিনি ঈদ উপলক্ষে দুটি ফ্রিজ কিনবেন। একটি ডিপ ফ্রিজ ও একটি সাধারণ ফ্রিজ। পছন্দসই ব্র্যান্ডের ফ্রিজ কিনতে চান। তাই দাম যাচাই করতে এ-দোকান সে-দোকান ঘুরছেন। তিনি বললেন, বাসার ফ্রিজটি পুরোনো হয়ে যাওয়ায় ব্র্যান্ডের নতুন ফ্রিজ দেখছেন।

স্টেডিয়াম মার্কেটের ইলেকট্রনিক পণ্যের দোকানগুলো ঘুরে শহীদুলের মতো ক্রেতাদের ভিড় দেখা গেছে। সেখানে ট্রান্সটেক, ওয়ালটন, ভিশন, যমুনা, সনি র‍্যাংগস, এসকোয়ার, শার্প, জেনারেল মিতসুবিশি, ইলেকট্রোমার্ট, প্যানাসনিক, সিঙ্গার, স্যামসাং ইত্যাদি শোরুমে ঘুরে ঘুরে তাঁরা ফ্রিজ দেখছেন। ঈদের আমেজ আনতে কিছু দোকান সাজানো হয়েছে বিভিন্ন রঙের বেলুন ফিতা দিয়ে। আবার কিছু দোকানে রঙিন ফিতা দিয়ে সাজানো হয়েছে ফ্রিজ-ডিপ ফ্রিজ। স্থানের অভাবে শোরুমেও বাইরেও ফ্রিজ সাজিয়ে রাখতে দেখা গেছে।

ভিশনের শোরুমে ফ্রিজ ও কুকার দেখছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাসুম আফতাব চৌধুরী। তিনিও ঘরে থাকা ফ্রিজটির মডেল বদলাতে চান বলে জানালেন। কামরাঙ্গীরচরের অধিবাসী মো. হারুন মিতসুবিশি শোরুম থেকে একটি বড় আকারের ডিপ ফ্রিজ কিনেছেন। জানালেন, দোকানের পক্ষ থেকে ফ্রিজটি তাঁর বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে ফ্রিজের বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন শোরুম কর্মীরা। এ ছাড়া ক্রেতা আকর্ষণের জন্য বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজে নানা ছাড় ও সুবিধা দেওয়া হচ্ছে।
এসকোয়ার শোরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক প্রথম আলোকে বলেন, ঈদে ফ্রিজ কেনার ওপর তাঁরা বিশেষ ছাড় দিচ্ছেন। নগদ অর্থ ছাড় ও বিভিন্ন পণ্য উপহার হিসেবে ক্রেতাদের দেওয়া হচ্ছে। এ ছাড়া বিনা খরচে ফ্রিজ বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ফ্রিজের ধারণক্ষমতা সাধারণত লিটার দিয়ে বোঝানো হয়। ক্রেতারা আট সিএফটি (১৩০ লিটার) থেকে ১০ সিএফটির (১৮০ লিটার) ফ্রিজ বেশি কিনছেন। ঈদ উপলক্ষে ব্র্যান্ড ভেদে ফ্রিজের দাম ২০ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত রাখা হচ্ছে। ফ্রিজ কিনলে নগদ অর্থ ছাড়ের পাশাপাশি উপহার হিসেবে দেওয়া হচ্ছে ইস্ত্রি, রাইস কুকার, টি-শার্ট ইত্যাদি।

অন্যান্য সময়ের তুলনায় ঈদুল আজহা উপলক্ষে ওয়ালটনের ফ্রিজের বিক্রি তিন থেকে চার গুণ বেড়েছে বলে জানালেন প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক কামরুজ্জামান শিপলু। তিনি বলেন, ওয়ালটনের সাধারণ ফ্রিজে ডিপের অংশ বড় থাকায় এটা বেশি বিক্রি হচ্ছে। এ ছাড়া ওয়ালটনের ফ্রিজে ছয় মাস পর্যন্ত বিভিন্ন অংশ প্রতিস্থাপন ও পরিবর্তনের সুযোগ রেখে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, লাইফটাইম গ্যারান্টি দেওয়া হচ্ছে। একই সঙ্গে আট বছরের কম্প্রেসর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, চার বছর পর্যন্ত পার্টস গ্যারান্টি, পাঁচ বছর পর্যন্ত বাড়িতে গিয়ে সার্ভিসিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে। আর ঈদের আগে বিনা খরচে ফ্রিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তো আছেই।

ঈদ উপলক্ষে ট্রান্সকম ডিজিটালে চলছে ‘ঈদ হাট অফার’। প্রতিষ্ঠানটি নিজস্ব ট্রান্সটেক ব্র্যান্ড এবং স্যামসাং, ওয়ার্লপুল, হিটাচির ফ্রিজ বিক্রি করে। কারওয়ান বাজারে ট্রান্সকম ডিজিটালের বিক্রয় কর্মকর্তা নাসিরুদ্দিন ফয়সাল প্রথম আলোকে বলেন, ঈদুল আজহায় ফ্রিজের ক্রেতা বেশি থাকে। চাহিদা বেশি থাকায় এ সময় নির্দিষ্ট পণ্যের ওপর স্ক্র্যাচ কার্ডে সর্বনিম্ন ১ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ট্রান্সকম ডিজিটালের আউটলেট থেকে নির্দিষ্ট কোম্পানির ফ্রিজ বা ডিপ ফ্রিজ কিনলে নগদ অর্থ ছাড়সহ নেপাল, মালদ্বীপ ও ব্যাংকক ভ্রমণের সুযোগ পাওয়া যাবে।