ঈদ সামনে, রাজধানীতে ছিনতাইকারীরা বেপরোয়া
রাজধানীর পলাশী মোড়ে গত বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীরা ভ্যানচালক মো. রানাকে (৩০) গুলি করে ফলভর্তি ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে। এর আগে ১৪ জুলাই রাতে পুরান ঢাকার আনন্দবাজার এলাকায় ছিনতাইয়ের শিকার হন ফ্লেক্সিলোড ব্যবসায়ী মো. হৃদয় (৩০)। ছিনতাইকারীরা তাঁকে কুপিয়ে এক লাখ টাকা এবং ১০টি মুঠোফোন কেড়ে নিয়ে যায়।
শুধু এই দুজনই নন, এঁদের মতো ছিনতাইয়ের শিকার আরও বেশ কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঈদ সামনে রেখে ছিনতাইকারীরা আবার বেপরোয়া হয়ে উঠেছে। দিনরাতে রাজধানীর কোথাও না কোথাও ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
জানতে চাইলে র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ছিনতাই নিয়ন্ত্রণে রাখতে র্যাবের টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখনো র্যাব-পুলিশের নিয়ন্ত্রণেই আছে।
ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, ঢাকা মহানগরের পৌনে ৩০০ স্থানে ছিনতাই হচ্ছে। ডিএমপির ছিনতাই প্রতিরোধ নির্দেশিকার তথ্য অনুযায়ী, ৪৪৪টি স্থানে ছিনতাই হয়। পুলিশের চাকরিচ্যুত সদস্য শাহীনের সহযোগীরা রাজধানীজুড়ে ছিনতাই করছে। শাহীনকে গ্রেপ্তার করা হলে ছিনতাই কমে আসবে বলে পুলিশ কর্মকর্তারা মনে করেন।
পুলিশ কর্মকর্তারা স্বীকার করেছেন, ছিনতাই প্রতিরোধে তাঁরা বিভিন্ন সড়কে তল্লাশি ও নিরাপত্তাচৌকি বসিয়েছেন। তার পরও ছিনতাই কমছে না। শুধু চলতি মাসেই রাজধানীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চার ছিনতাইকারী নিহত হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার মধ্যরাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিতে শফিকুল ইসলাম ওরফে আপন নামের এক যুবক নিহত হন। ডিবির দাবি, আপন পেশাদার ছিনতাইকারী। ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে তাঁর মৃত্যু হয়েছে। ওই কর্মকর্তা বলেন, পুলিশের গুলিতে চারজন পেশাদার ছিনতাইকারী নিহত হওয়ার পর ছিনতাইকারীদের দৌরাত্ম্য কিছুটা কমেছে।
ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপরাধ ও অভিযান) মীর রেজাউল আলম বলেন, ছিনতাই ঠেকাতে নগরজুড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণেই আছে।
পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করলেও প্রকৃত চিত্র একেবারেই ভিন্ন। ভুক্তভোগী, হাসপাতাল ও এলাকাবাসীসহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, রাজধানীতে জুন মাসে ১৫০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ১৫ দিনে ছিনতাই হয়েছে ১২০টি। এ সময় ছিনতাইকারীদের হাতে আক্রান্ত হয়ে ৫০ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে মহানগর পুলিশের সদর দপ্তরের দেওয়া হিসাব অনুসারে, গত জুনে ৩১টি এবং মে মাসে ২১টি ছিনতাই হয়েছে।
সূত্র জানায়, ছিনতাইয়ের পর বেশির ভাগ অভিযোগই থানায় আসে না। আবার কেউ অভিযোগ নিয়ে গেলেও পুলিশ তা ভালোভাবে নিতে চান না। অনেকেই আবার পুলিশের হয়রানি বা ঝামেলার ভয়ে থানাতেই যান না।
১৫ জুলাই দুপুরে গুলশানে একটি বায়িং হাউসের কর্মকর্তা মোশারফ হোসেন বেতন-বোনাস নিয়ে শাহজাদপুরের বাসায় ফিরছিলেন। গুলশানের ১০২ নম্বর সড়কের দিকে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তাঁর কাছ থেকে ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। মোশারফ হোসেন পরে গুলশান থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) শাহনুরের কাছে গিয়ে ছিনতাই হওয়ার অভিযোগ করেন।
মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, নানা ঝামেলার ভয় দেখিয়ে থানার এসআই শাহীনুর মামলা না করে জিডি করার পরামর্শ দেন। এমনকি টাকা হারিয়ে গেছে বলেও লিখতে বলেন। একপর্যায়ে তিনি অভিযোগ না করেই ফিরে যান।
জানতে চাইলে এসআই শাহীনুর বলেন, এ ধরনের কোনো লোকের সঙ্গে তিনি কথাই বলেননি।
গত বুধবার নিউমার্কেট-সংলগ্ন গাউছিয়া মার্কেটের সামনে থেকে ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে গৃহবধূ রওশন জাহানের পাঁচ হাজার টাকা ভর্তি একটি ভ্যানিটি ব্যাগ ও একটি মুঠোফোন নিয়ে যায়। রওশন জাহানের স্বামী জমিরউদ্দিন সরকার বলেন, পুলিশি ঝামেলার কারণে তিনি নিউমার্কেট থানায় মামলা করতে যাননি।