ঈদ সামনে রেখে কক্সবাজার, টেকনাফ ও মিয়ানমারের কয়েকটি চোরাচালানি সিন্ডিকেট মাদক ‘ইয়াবা’ পাচারে তৎপর হয়ে উঠেছে। মিয়ানমারের ইয়াবা চালান টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ঢুকে পরে তা কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে টেকনাফের নাফ নদের তীরে অবস্থিত সীমান্ত ট্রানজিট ঘাট দিয়েই সবচেয়ে বেশি ইয়াবার চালান দেশে ঢুকছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।গত ২৯ আগস্ট রাত ১০টার দিকে কক্সবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের ঝাউতলা সি-কুইন মার্কেটের একটি পরিবহন সংস্থার টিকিট কাউন্টারে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ হেলাল উদ্দিনকে (২০) গ্রেপ্তার করে। হেলাল টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের রঙিখালী গ্রামের বাসিন্দা।এ ব্যাপারে এসআই জাহেদুল কবির জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে হেলাল জানিয়েছেন, মিয়ানমার, টেকনাফ ও কক্সবাজারের ১০টির বেশি চোরাচালান সিন্ডিকেট ইয়াবা পাচারে সক্রিয় হয়ে উঠেছে। টেকনাফের ট্রানজিট ঘাট দিয়ে এখন ইয়াবার চালান আনা হচ্ছে। হেলাল আরও জানান, ঈদ সামনে রেখে বিক্রেতারা ইয়াবার দাম বাড়িয়ে দেয়। আর এ কারণে চোরাচালানিরা ইয়াবা পাচারে সক্রিয় হয়ে উঠছে।কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, খবর পাওয়া গেছে, কয়েকটি চোরাচালানি সিন্ডিকেট টেকনাফ থেকে ইয়াবার চালান কক্সবাজারে আনছে। সৈকতপারের কয়েকটি হোটেলে বসে তারা ইয়াবা বেচাকেনা করছে। বিশেষ করে ঈদের পরদিন থেকে টানা এক সপ্তাহ কক্সবাজারে পর্যটকের ঢল নামবে। এ সময় বেচাবিক্রির জন্য কয়েকটি চক্র ইয়াবা মজুদ এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে।নাম প্রকাশে অনিচ্ছুক ইয়াবা পাচারের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পবিত্র রমজান মাসের প্রথম ১৫ দিনে শুধু টেকনাফ থেকে ৫০টির বেশি চালানের মাধ্যমে অন্তত ১০ কোটি টাকার ইয়াবা কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় পাচার হয়েছে। দামি সিগারেটের প্যাকেটে ভরে, সবজি ও ফলের ভেতর লুকিয়ে, নারী ও শিশুদের শরীরে বেঁধে এবং লবণবোঝাই ট্রাকে করে ইয়াবার চালান পৌঁছে দেওয়া হচ্ছে। আকারে খুব ছোট বলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সহজে ফাঁকি দেওয়া যায়। বেশির ভাগ ইয়াবার চালান টেকনাফে ঢোকে সীমান্ত ট্রানজিট ঘাট দিয়ে। এই ঘাট দিয়ে প্রতিদিন মিয়ানমারের আড়াই শতাধিক নারী-পুরুষ নানা পণ্য নিয়ে টেকনাফে আসেন এবং বাজারে বিক্রি করে আবার মিয়ানমারে ফিরে যান। বাংলাদেশ থেকেও অনুরূপ কিছু লোক মিয়ানমারে গিয়ে আবার ফিরে আসেন।প্রসঙ্গত, ১৯৮০ সালে বাংলাদেশ ও মিয়ানমারের আত্মীয়স্বজনের দেখা-সাক্ষাতের জন্য এক দিনের এই ট্রানজিট চালু করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ আগস্ট বেলা ১১টার দিকে এই ট্রানজিট ঘাট দিয়ে টেকনাফে ঢোকার সময় বিডিআর সদস্যরা ৯৮৯ পিস ইয়াবাসহ মিয়ানমারের মোহাম্মদ শহিদকে (২৮) আটক করেন। এর আগে ৯ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ থানার এসআই বসু মিত্র ট্রানজিট দিয়ে আসা মিয়ানমারের কামাল হোসেনকে (২২) এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। বসু মিত্র জানান, কামালকে আটক করে শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি করা হয়। শেষে মলদ্বার থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবা উদ্ধার করা হয়।গত ১১ আগস্ট টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাজারসংলগ্ন একটি বাড়িতে তল্লাশি চালিয়ে এক হাজার ৩০০ পিস ইয়াবাসহ আবদুল হাইকে (২৫) গ্রেপ্তার করেন।ওসি খালেদ জানান, এ বছরের জানুয়ারি থেকে গত ২৫ আগস্ট পর্যন্ত সময়ে পুলিশ, বিডিআর ও র্যাব শুধু টেকনাফ থেকে পাচারের সময় ১৮ হাজার ১৪৯ পিস ইয়াবাসহ ৪১ জন পাচারকারীকে আটক করে। কিন্তু এর পরও ইয়াবা পাচার বন্ধ করা যাচ্ছে না।টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের সদর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল মান্নান জানান, প্রতিদিন এই ট্রানজিট ঘাট দিয়ে উভয় দেশের দেড় থেকে দুই শতাধিক লোক আসা-যাওয়া করে। এ সময় অনেকে মালামালের ভেতরে ও শরীরে লুকিয়ে ইয়াবা পাচার করে। আগে এই ঘাটে মিয়ানমার থেকে আসা নারীদের তল্লাশির কোনো ব্যবস্থা ছিল না। তখন খুব বেশি ইয়াবা পাচার হতো। এখন নারীদের তল্লাশির জন্য ঘাটে আনসারের দুই নারী সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। তাই পাচারকারীরা এখন ট্রানজিট ঘাট বাদ দিয়ে ভিন্ন কৌশলে অন্য স্থান থেকে ইয়াবা পাচার করছে বলে খবর পাওয়া যাচ্ছে।