ঈদ সামনে রেখে ওরা ফেরিওয়ালা
দুপুর ১২টা। ফেরিঘাটে পন্টুনের পাশে হাতে প্লাস্টিকের বয়ামে চকলেট নিয়ে দাঁড়ানো তিন শিশু। ফেরিতে বাস ওঠামাত্রই যাত্রীদের কাছে চকলেট বেচতে হাত বাড়িয়ে দিচ্ছে তারা। যাত্রীদের কেউ চকলেট কিনছেন, কেউবা ফিরিয়ে দিচ্ছেন।
গত মঙ্গলবারের এই দৃশ্য মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের। ঈদে নতুন পোশাক কেনার টাকা জোগাতে ফেরিওয়ালার কাজ করছে বলে জানায় ওই শিশুরা। পবিত্র রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকায় দরিদ্র পরিবারের ওই শিশুরা ফেরিতে চকলেট, বিস্কুট, পানীয়সহ বিভিন্ন খাদ্যপণ্য বিক্রি করছে।
ওই তিন শিশু হলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে সিদ্দিক কাজীপাড়া গ্রামের মৃত আমিন শেখের ছেলে মামুন শেখ (১২), ইসহাক শিকদারের ছেলে নাজিমুল শিকদার (১০) ও রহিম শেখের ছেলে মানিক শেখ (১১)।
মঙ্গলবার দুপুরে কথা হলে মামুন বলে, সে গ্রামের কেকেএস শ্রমজীবী শিশু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ক্লাসে তার রোল নম্বর ১। বাবা অসুস্থ থাকায় মা মাটি কাটার কাজ করেন। সংসারে অভাব থাকায় ঈদে নতুন পোশাকের টাকার জন্য সে ফেরিতে চকলেট বিক্রি করছে। পরে জানা গেছে, বুধবার সকালে মামুনের বাবা মারা যান।
শিশুরা জানায়, ঘাটের এক দোকান থেকে প্রতি প্যাকেট (২০টি) চকলেট ১৫ টাকা দিয়ে কেনে তারা। এরপর বাসের যাত্রীদের কাছে প্রতিটি চকলেট দুই টাকায় বিক্রি করে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রত্যেকে তিন থেকে চার প্যাকেট চকলেট বিক্রি করে। এতে ৭০-৮০ টাকা রোজগার হয়।
মৃত্যুর আগের রাতে আমিন শেখের সঙ্গে মুঠোফোনে কথা হয় এ প্রতিবেদকের। তখন তিনি বলেন, তিনি আগে স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। তাঁর তিন মেয়ে ও তিন ছেলে। মেয়েদের বিয়ে দিয়েছেন। মেজো ছেলে মামুনের মতো বড় ছেলে সজীব শেখও পড়ালেখার পাশাপাশি প্রায়ই পণ্য বিক্রি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া ঘাটে দুই শতাধিক শিশু ফেরিতে বিভিন্ন খাবার ও পানীয় ফেরি করে। তাদের মধ্যে পথশিশু ছাড়াও রয়েছে মামুন, নাজিমুল ও মানিকের মতো দরিদ্র পরিবারের সন্তানেরা।
কেকেএস শ্রমজীবী শিশু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী আক্তার বলেন, ফেরি বা ঘাট এলাকায় যে শিশুরা ফেরিওয়ালার কাজ করে, এ শিশুরাই এ বিদ্যালয়ে পড়াশোনা করে। তিনি বলেন, মামুন পড়াশোনায় বেশ মনোযোগী। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় মাঝেমধ্যে তাকে ফেরি করে পণ্য বিক্রি করতে হচ্ছে।