ঈদ সামনে রেখে কোনো চাঁদাবাজি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ঈদ সামনে রেখে জমে ওঠা বাজারে কোনো রকম চাঁদাবাজি হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গতকাল শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন মার্কেট ও বিপণিবিতান ঘুরে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।এ সময় সাংসদ ফজলে নূর তাপস, নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক, পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী ও পুলিশ কর্মকর্তারা রাজধানীর গাউছিয়া, ইস্টার্ন মল্লিকা, নিউমার্কেট ও বসুন্ধরা সিটির বিভিন্ন দোকান পরিদর্শন করেন। তাঁরা মালিক-কর্মচারী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোথাও কেউই চাঁদাবাজির কোনো অভিযোগ করেনি। ঈদ সামনে রেখে নীরব চাঁদাবাজি হচ্ছে বলে যে অভিযোগ আসছে, তা ঠিক নয়। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন। কোথাও নীরব বা সরব কোনো চাঁদাবাজি হচ্ছে না। সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আর যাঁরা চাঁদাবাজি হচ্ছে বলে দাবি করছেন, তাঁরা ষড়যন্ত্র করছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।নবনিযুক্ত আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পুলিশ নানা ব্যবস্থা নিয়েছে। মহাসড়কের যানজট নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর এ সময় কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করে তিনি।