ঈদ সামনে রেখে গাবতলীতে প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাবতলী বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন দীর্ঘ যানজট লেগে থাকে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
গাবতলী বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন দীর্ঘ যানজট লেগে থাকে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত সড়কের দুই পাশে অন্তত ১০-১২টি সিএনজি ফিলিং স্টেশন এবং পেট্রলপাম্প আছে। জ্বালানি নিতে অসংখ্য যানবাহন সারি দিয়ে দাঁড়িয়ে থাকায় টেকনিক্যাল মোড় থেকে আমিনবাজার সেতু পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ছে। ঈদের আগে গাবতলী টার্মিনালকেন্দ্রিক যানবাহনের চাপ বাড়লে এই যানজট আরও তীব্র হবে।
এদিকে ঈদ উপলক্ষে গাবতলী টার্মিনালের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) টার্মিনালে দুটি নিয়ন্ত্রণকক্ষ বসিয়েছে। অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা বন্ধে বিশেষ দল নামানো হয়েছে।
গতকাল রোববার বেলা দেড়টার দিকে দেখা যায়, টেকনিক্যাল মোড় থেকে সড়কের এক পাশে যানজট শুরু হয়েছে। আমিনবাজার সেতু পর্যন্ত থেমে আছে অসংখ্য যানবাহন। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি। সড়কের দুই পাশেই জ্বালানি নিতে আসা যানবাহন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা এসব যানবাহনের পাশ দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
ফিলিং স্টেশনের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রমজানে বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকে। ফলে যানবাহনগুলো দুপুরের
আগে, নাহয় রাত ১০টার পর জ্বালানি নিতে আসে। এই দুই সময়ে ফিলিং স্টেশনের সামনের সড়কে যানজট বেড়ে যায়। জ্বালানি সংগ্রহ করে কিছু যানবাহন উল্টো পথে ফিরে আসায় যানজট আরও তীব্র হচ্ছে।
এ বিষয়ে পুলিশের একজন যুগ্ম কমিশনার প্রথম আলোকে বলেন, গাবতলী টার্মিনাল এলাকার আশপাশের ফিলিং স্টেশনগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে, এটা বলা যাবে না। এগুলো যানজট বাড়াচ্ছে। এগুলো এখান থেকে সরানোর ব্যাপারে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে কল্যাণপুর-গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত সড়ক অবৈধ পার্কিংমুক্ত ঘোষণা করেন মেয়র আনিসুল হক। টেকনিক্যাল মোড় থেকে গাবতলী টার্মিনাল পর্যন্ত সড়কের এক পাশে আগে দূরপাল্লার বাস পার্ক করে রাখা হতো। গতকাল টার্মিনালের সামনে দূরপাল্লার কোনো বাস দাঁড় করিয়ে রাখতে দেখা যায়নি। তবে টার্মিনালের অপর পাশের সড়কে আবদুল্লাহপুর, গাজীপুর, যাত্রাবাড়ী পথে চলাচলকারী সিটি সার্ভিসের বাসগুলো দাঁড়িয়ে ছিল। গাবতলী পাতালপথ (আন্ডারপাস) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কার্যালয়ের সামনে বাসগুলো দাঁড়িয়ে যাত্রী তুলছিল। 

মাজার রোড ক্রসিং ও গাবতলী বাস টার্মিনালের বাইরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুটি রেকার দাঁড়িয়ে আছে। ডিএমপির পক্ষ থেকে কিছু দূর পরপর ‘গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষেধ’ লেখা নির্দেশিকা লাগানো।
ঈদ সামনে রেখে গাবতলী বাস টার্মিনালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ ও র্যা ব। দেখা যায়, প্রবেশমুখে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রণকক্ষ বানানো হয়েছে। পুলিশের নিয়ন্ত্রণকক্ষের পাশেই র্যা বের নিয়ন্ত্রণকক্ষ বানানোর কাজ চলছে। নিয়ন্ত্রণকক্ষের কাজ তদারকে আসা র্যা ব কর্মকর্তারা বলেন, আগামী মঙ্গলবার থেকেই র্যা বের নিয়ন্ত্রণকক্ষ চালু করা হবে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, গাবতলী টার্মিনালে ১৫ রমজান থেকে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ চালু হচ্ছে। অজ্ঞান পার্টি ও মলম পার্টির আগাম তথ্য পেতে গোয়েন্দা দল কাজ করছে। জনগণকে অজ্ঞান পার্টি সম্পর্কে সচেতন করতে প্রজেক্টরে সচেতনতামূলক নির্দেশনা প্রচার করা হচ্ছে।