ঈদ সামনে রেখে ট্রেনে অজ্ঞান পার্টি সক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে গত শুক্রবার ছেড়ে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে শনিবার ভোর পাঁচটায়। ওই ট্রেনের একটি কামরা থেকে নামানো হয় অচেতন হয়ে পড়া দুই যাত্রীকে। চলন্ত ট্রেনে তাঁরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারান। এক সপ্তাহের ব্যবধানে কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, নরসিংদীর মেথিকান্দা স্টেশনে সাত যাত্রী এই অপরাধী চক্রের শিকার হন।
রেলওয়ের কর্মকর্তারা জানান, ঈদ এলেই অজ্ঞান পার্টির চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। রমজান মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রতিদিন কোনো না কোনো যাত্রী তাদের শিকার হয়ে সর্বস্ব হারাচ্ছেন। এ ক্ষেত্রে তাদের লক্ষ্য মেইল ও লোকাল ট্রেনের শ্রমজীবী মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার ভৈরব স্টেশনে অচেতন হওয়া যাত্রীরা হলেন সবুর মিয়া ও সাজিদ হোসেন। তাঁদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। আগের দিন বৃহস্পতিবার আশুগঞ্জ স্টেশনের আউটার সিগন্যাল পয়েন্ট এলাকায় অচেতন হয়ে পড়ে ছিলেন তিন যাত্রী। তাঁরা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার দৌলতকান্দি গ্রামের আজিজ মিয়া, লিয়াকত হোসেন ও সিরাজুল ইসলাম। তাঁরা ট্রেনে হকারের কাছ থেকে চানাচুর কিনে খাওয়ার পর আর কিছু বলতে পারেননি। গত রোববার ভোরে মেথিকান্দা স্টেশনে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা গ্রামের ইসমাইল মিয়া ও হেদায়াত উল্লাহ অজ্ঞান পার্টির কবলে পড়েন।
রেলওয়ে থেকে জানা যায়, ঈদ মৌসুমে রেলপথের যাত্রীরা পকেটমার, মুঠোফোন চোর, মলম পার্টি ও অজ্ঞান পার্টি—এই চার ধরনের অপরাধী চক্রের শিকার হন। এর মধ্যে অজ্ঞান পার্টি চক্রটি সবচেয়ে দুর্ধর্ষ ও ভয়াবহ। পূর্বাঞ্চলীয় জোনের মধ্যে চট্টগ্রাম মেইল, সিলেট মেইল, ময়মনসিংহ লোকাল ও নাসিরাবাদ ট্রেনে তারা আধিপত্য বিস্তার করে আছে। ট্রেনগুলোতে পর্যাপ্ত আলো আর নিরাপত্তাকর্মীর সরব উপস্থিতি না থাকায় তেমন কোনো বাধার মুখে পড়ছে না ওই চক্র। সাধারণ শ্রমজীবী মানুষ তাদের লক্ষ্য। যাত্রীদের অচেতন করার মাধ্যম হিসেবে তারা চা, পান, সিগারেট, চানাচুর, রুমাল বা কাপড় ব্যবহার করে। এ ছাড়া তারা চেতনানাশক ওষুধও ব্যবহার করে থাকে, যা নাকের সামনে নিলেই যাত্রীরা অচেতন হয়ে পড়েন। ট্রেনের হকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভৈরব, বিমানবন্দর, টঙ্গী, তেজগাঁও, আখাউড়া স্টেশনে চক্রগুলো আস্তানা গড়েছে। সর্বোচ্চ চারজন নিয়ে একেকটি চক্র গড়ে উঠেছে। তাদের একজনের কাজ যাত্রী নির্বাচন। আরেকজন অচেতন করে লুট করার কাজটি করে। দুজন থাকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে। ওই দুই সদস্যের দায়িত্ব অচেতন করতে গিয়ে ধরা পড়ে গেলে যাত্রী সেজে সহকর্মীকে অপ্রীতিকর পরিস্থিতি থেকে উদ্ধার করা। চট্টগ্রাম মেইল ট্রেনের হকার রবিউল ইসলাম বলেন, ‘কোনো কোনো সময় ধারণা করতে পারলেও মুখ খুলতে পারি না। মনে হয়, চক্রটির সঙ্গে নিরাপত্তাকর্মীদের যোগাযোগ রয়েছে।’ চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঈদ মৌসুমকে মাথায় রেখে অজ্ঞান পার্টিসহ অপরাধীদের প্রতিহত করতে প্রতিটি স্টেশনে পুলিশের টহল বাড়ানো হয়েছে। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘ঈদে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়ে যাওয়ার কথা জানা আছে। তবে এখন পর্যন্ত কোনো যাত্রী অজ্ঞান পার্টির শিকার হয়েছেন, এমন খবর জানা নেই।’