ঈদ সামনে রেখে পুলিশের উদ্যোগ
ঈদ সামনে রেখে গাইবান্ধা জেলা পুলিশ বিশেষ নিরাপত্তাব্যবস্থা হাতে নিয়েছে। প্রতিদিন রাত আটটা থেকে ভোর পর্যন্ত জেলা শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ সাতটি সড়কের সাতটি স্থানে পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে ২৭৩ জন গ্রাম পুলিশ ও কমিউনিটি পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে। পাশাপাশি বিজিবি ও র্যা ব মোতায়েন থাকবে।
গাইবান্ধা জেলা পুলিশের একটি সূত্র জানায়, ঈদে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা ও ঘরমুখী মানুষের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার থেকে নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংক-বিমা, বাসটার্মিনালের মতো গুরুত্বপূর্ণ ১২টি স্থানে পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া ওই সব পয়েন্টে যানজট নিরসনে কমিউনিটি পুলিশিংয়ের ৫০ সদস্য কাজ করবেন। প্রতিটি স্থানে একজন উপপরিদর্শকের নেতৃত্বে পাঁচ সদস্যের দল কাজ করবে।
চারদিকে সাতটি সড়ক দিয়ে প্রতিদিন কয়েক শ যানবাহন জেলা শহরে প্রবেশ করে। এসব সড়কের বিভিন্ন স্থানে ঈদের আগে ও পরে ছিনতাই হতো। এর মধ্যে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা, গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের জামেরতল, গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের খোলাহাটির তুরকা, গাইবান্ধা-দাড়িয়াপুর সড়কের বারুইপাড়া, গাইবান্ধা-বালাসি সড়কের ফলিয়া সেতু, গাইবান্ধা-সাঘাটা সড়কের বাদিয়াখালী বেইলি সেতু এবং গাইবান্ধা-নাকাইহাট সড়কের বালুয়া এলাকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার এসব স্থানে পুলিশের সাতটি দল রাত আটটা থেকে ভোর পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোর চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কি না তা তদারক করবেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, রাতে নৈশকোচে আসা যাত্রীদের নিরাপত্তার জন্য শহরের সব বাস কাউন্টার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি কোচমালিকদের যাত্রীদের নিরাপত্তা বিধান করতে বলা হয়েছে। ঈদের তিন দিন পর পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।
এ ছাড়া সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ৩৯টি ঝুঁকিপূর্ণ স্থানে গ্রাম পুলিশ ও পুলিশিং কমিটির ৩৯টি দল মোতায়েন থাকবে। একটি দলে পাঁচজন গ্রাম পুলিশ ও দুজন পুলিশিং কমিটির সদস্য মোতায়েন থাকবেন। পুলিশিং কমিটির সদস্যদের জন্য বিশেষ পোশাক তৈরি করা হয়েছে। এসব স্থানে রাত আটটা থেকে ভোর পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে। একজন উপপরিদর্শকের নেতৃত্বে মোটরসাইকেলে এসব সদস্যের তদারকি করা হবে।
গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম বলেন, ঈদ সামনে রেখে গোটা জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।