বরিশাল-ঢাকা নৌপথে প্রতিবছরের মতো এবারও ঈদ সামনে রেখে বাড়ানো হয়েছে লঞ্চভাড়া। যাত্রীদের অভিযোগ, ঈদকে সামনে রেখে তাঁদের জিম্মি করে ভাড়া বাড়ান লঞ্চ মালিকেরা।
কিন্তু লঞ্চ মালিক ও বিআইডব্লিউটিএর ভাষ্য, সারা বছর ভাড়া কম নেওয়া হয়। ঈদের সময়ই শুধু সরকার নির্ধারিত হারেই ভাড়া নেওয়া হয়।
লঞ্চযাত্রী ও বরিশাল নদী-খাল রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন অভিযোগ করে বলেন, সারা বছর এক শয্যার কক্ষের ভাড়া নেওয়া হয় ৮৫০ থেকে ৯০০ এবং দ্বৈত কক্ষের ভাড়া ১ হাজার ৬০০ টাকা। ঈদ এলেই একক শয্যার কক্ষের ভাড়া হয়ে যায় ১ হাজার ১০০ টাকা এবং দ্বৈত শয্যার ভাড়া নেওয়া হয় ২ হাজার ২০০ টাকা। এ ছাড়া ডেকে একজন যাত্রী ভাড়া অন্যান্য সময় নেওয়া হয় ১৫০ থেকে ২০০ টাকা।
ঈদে এই ভাড়া আদায় করা হয় ২২৫ থেকে ২৫৫ টাকা। এ ছাড়া ভিআইপি ও সেমি-ভিআইপি কক্ষের ভাড়া ক্ষেত্র বিশেষে ২ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হয়।
লঞ্চ মালিকেরা দাবি করেন, বিআইডব্লিউটিএ লঞ্চ মালিকদের সঙ্গে সভা করে যে সিদ্ধান্ত নিয়েছে, সে অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। তাঁদের হিসাব অনুযায়ী সরকার নির্ধারিত ডেকের ভাড়া ২৫৫ টাকা। সাধারণ একক কক্ষ ১০০০ এবং শীতাতপ নিয়ন্ত্রণের জন্য ১ হাজার ১০০ টাকা। দ্বৈত সাধারণের জন্য দুই হাজার এবং শীতাতপ নিয়ন্ত্রণের জন্য ২ হাজার ২০০ টাকা। আগামী ১ জুলাই থেকে ওই ভাড়া কার্যকর হবে।
সুন্দরবন লঞ্চের মালিক এবং বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা সারা বছর সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কমে যাত্রী পরিবহন করি। শুধু ঈদের সময় সরকার নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করার কারণে যাত্রীরা ভাড়া বাড়ানোর অভিযোগ তোলেন। বাস্তবে সারা বছরের ক্ষতির কিছুটা পুষিয়ে নিতে ঈদের সময় সরকার নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে।’
লঞ্চযাত্রী আবুল বাশার প্রথম আলোকে বলেন, সারা দুনিয়ায় উৎসবের সময় সব পরিবহন এমনকি নৌযানে ভাড়া কমানো হয়। আর বাংলাদেশে উল্টো নিয়ম।
বিআইডব্লিউটিএ বরিশালের উপপরিচালক ও বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সারা বছর লঞ্চ মালিকেরা যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম আদায় করেন। ঈদের সময় সরকার নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করেন। যেহেতু যাত্রীরা সারা বছর কম ভাড়ায় যাতায়াত করেন, তাই ঈদের সময় এই ভাড়া তাদের কাছে অতিরিক্ত মনে হয়।’