ঈদ সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রচার

নির্বাচন-পদ্ধতি নিয়ে সংশয় না কাটলেও ঈদ সামনে রেখে নির্বাচনী প্রচারের কাজে মাঠে নেমে পড়েছেন বিএনপির মনোনয়ন-প্রত্যাশীরা।দেশের বিভিন্ন জায়গায় পোস্টার সেঁটে এলাকাবাসীকে শুভেচ্ছা ও সালাম জানানোর কাজ শেষ করেছেন তাঁরা।এখন চলছে সেমাই ও চিনি বিতরণের কাজ। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্র থেকে এলাকায় প্রচার চালানোর কোনো নির্দেশ দেওয়া হয়নি।তবে, সবাই জানেন এই ঈদের একটা আলাদা মাহাত্ম্য আছে।দলের সমর্থন পাওয়ার জন্য তাই অনেকেই এলাকায় তত্পরতা বাড়িয়েছেন।বিএনপি বরাবর জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার কথা বলে আসছে।কিন্তু গত নির্বাচনে জামায়াতকে ছেড়ে দেওয়া আসনেও এবার বিএনপির মনোনয়ন-প্রত্যাশীরা কাজ করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলো ডটকমকে বলেন, এটি সরকারের শেষ বছর।তাই সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনে নিজেদের মতো করে কাজ করছেন।তিনি বলেন, পুরো রমজান মাসে সারা দেশে অনেক ইফতার মাহফিল, আলোচনা, গণসংযোগ হয়েছে।ঈদের সময়ও তা অব্যাহত থাকবে।এবারের ঈদুল ফিতরের একটি আলাদা রাজনৈতিক তাত্পর্য রয়েছে।নির্বাচনী এলাকার বাইরে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকা ঘুরে রংবেরঙের পোস্টার সাঁটা দেখা গেছে। এত দিন যেসব পোস্টার চোখে পড়ত, তার বেশির ভাগই ছিল নেতা-কর্মীদের মুক্তির দাবিতে।তবে ঈদ যত ঘনিয়ে আসছে, নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সাঁটানো পোস্টার ততই কমছে।সেখানে জায়গা করে নিচ্ছে ‘ঈদ শুভেচ্ছা’ জানিয়ে করা বিভিন্ন ধরনের পোস্টার।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মাহবুবুর রহমান বলেন, রমজানকে বিএনপি সাংগঠনিক মাস হিসেবে পালন করেছে।ঈদ যেমন ধর্মীয় অনুষ্ঠান, তেমনি এটি সামাজিক যোগাযোগেরও বড় উপলক্ষ।ঈদে মানুষের পুনর্মিলনী হবে, সেখানে রাজনীতিও থাকবে।
স্থায়ী কমিটির কয়েকজন সদস্য প্রথম আলো ডটকমকে বলেন, তাঁদের বিশ্বাস, এ বছরের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার বাধ্য হবে। অথবা শেষ পর্যন্ত বড় দুই দলের মধ্যে একটি সমঝোতা হবে। এ বছরের মধ্যে বা আগামী বছরের শুরুতে নির্বাচন হবে—এমনটি ধরে নিয়েই প্রাথমিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি, যাতে হঠাত্ নির্বাচনের ঘোষণায় কোনো ধরনের অপ্রস্তুত পরিস্থিতিতে পড়তে না হয়। দলের এই মনোভাবে চাঙা মনোনয়ন-প্রত্যাশীরা। সরকারের মেয়াদ যত শেষ হয়ে আসছে, মনোনয়ন-প্রত্যাশীরা তত এলাকামুখী হচ্ছেন। প্রায় সারা দেশে নেতারা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে ইফতার মাহফিলের আয়োজন করছেন। নিজ নিজ সংসদীয় আসনের বাসিন্দাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ফেস্টুন করছেন।
মনোনয়ন-প্রত্যাশীরা যা করছেন: আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা রনির পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি থেকে প্রার্থী হতে চান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। তাঁর পক্ষ থেকে এলাকার পাশাপাশি ফেসবুকেও প্রচার চালানো হচ্ছে। হাসান মামুন প্রথম আলো ডটকমকে বলেন, ঈদ উপলক্ষে তিনি ও তাঁর সমর্থকেরা তাঁর নির্বাচনী এলাকার প্রায় ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ লাগাবেন। এর বাইরে থাকবে গণসংযোগ। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের দাবির পক্ষে ও নির্বাচন সামনে রেখে নিজেদের পক্ষে জনমত গঠনের অংশ এটি। জানা গেছে, ঈদ উপলক্ষে তাঁর পক্ষ থেকে মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমেও এলাকাবাসীকে শুভেচ্ছা জানানো হবে। তাঁর সংসদীয় আসনে ৬০-৭০ হাজার মানুষকে এসএমএসে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ঢাকা-৫ আসন থেকে মনোনয়ন-প্রত্যাশী বিএনপির আকবর হোসেন ভূঁইয়া নান্টু ঈদ উপলক্ষে সেমাই-চিনি বিতরণ করেছেন কয়েক হাজার মানুষের মধ্যে। যে মোড়কে তিনি সেমাই-চিনি বিতরণ করছেন, তাতে জুড়ে দেওয়া হয়েছে তাঁর ছবি।
গতবার জামায়াতের নির্বাচনী এলাকা পাবনা-১ (বেড়া-সাঁথিয়া ) ও পাবনা-৫ (জেলা সদর) আসন থেকে মনোনয়ন পেতে চেষ্টা চালাচ্ছেন বিএনপির নেতারা।মতিউর রহমান নিজামী ও আবদুস সুবহান যে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানে বিএনপির চার-পাঁচজন নেতা মনোনয়ন চাইবেন।পাবনা-১ আসন থেকে সাবেক সাংসদ মঞ্জুর কাদের, সাঁথিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এম এ আজিজ ও ব্যবসায়ী ইউনুস আলী নির্বাচনী এলাকাগুলোতে পোস্টার, ব্যানার ও বিলবোর্ড ঝুলিয়েছেন।ইফতার মাহফিল করেও প্রচার চালাচ্ছেন।
অন্যদিকে পাবনা-৫ আসনে জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি জহুরুল ইসলাম, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী ও জেলা বিএনপির কার্যকরি সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মনোনয়ন-প্রত্যাশী।তাঁরাও এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।
বৃহত্তর সিলেটের ১৯টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীরা ঈদ সামনে রেখে নিজেদের নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কর্মী-সমর্থকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করছেন।বিএনপির যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র শাখার একাধিক নেতা দেশে এসে নিজেদের সংসদীয় আসনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছেন।অনেকে তাঁদের নির্বাচনী এলাকার বাসিন্দাদের ‘ঈদ শুভেচ্ছা’ জানিয়ে ব্যানার ও পোস্টার সাঁটিয়েছেন।সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ), সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ), সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনে প্রবাসী মনোনয়ন-প্রত্যাশীদের তত্পরতা বেশি।
যশোর-১ (শার্শা) ও যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে গত বছর জামায়াতে ইসলামীর প্রার্থী জোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।এবার ওই দুই আসনে বিএনপির একাধিক নেতা ঈদ শুভেচ্ছার আড়ালে প্রচার শুরু করেছেন।শার্শায় বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) মফিকুল হাসান এই রমজানে এলাকায় গিয়ে প্রায় প্রতিদিন বিভিন্ন ইফতারে অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন।ওই আসনে বিএনপিদলীয় আরও তিনজন মনোনয়ন-প্রত্যাশী ঈদ শুভেচ্ছা জানিয়ে পোস্টার সাঁটিয়েছেন।আর ঝিকরগাছা-চৌগাছা আসনে বিএনপির ‘গুম’ হওয়া নেতা নাজমুল হোসেনের স্ত্রী সাবেরা নাজমুল পোস্টার সেঁটেছেন।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন পাবনার সরোয়ার মোর্শেদ, যশোরের মনিরুল ইসলাম ও সিলেটের সুমন কুমার দাশ)