মিয়ানমার থেকে টেকনাফ সীমান্ত দিয়ে নেশার বড়ি ইয়াবা দেশে ঢুকছে। ঈদ সামনে রেখে বাংলাদেশে ইয়াবা পাচার আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রায় প্রতিদিনই আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে পাচারকারীরা ধরা পড়লেও হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, আকৃতিতে ছোট হওয়ায় এসব বড়ি শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে এবং নানা কৌশলে আনা হচ্ছে। বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান প্রথম আলোকে জানান, সীমান্তে কয়েকটি সিন্ডিকেট ইয়াবা আনছে। তিনি বলেন, ইয়াবা পাচার বন্ধে টেকনাফে প্রথমবারের মতো ডগ স্কোয়াড (প্রশিক্ষিত কুকুর) আনার চেষ্টা চলছে।কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, তাঁরা মূল হোতাদের ধরার চেষ্টা চালাচ্ছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার রাত ১১টায় টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ১৯ হাজার ৭০০টি ইয়াবাসহ ইলিয়াছ (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেন।বিজিবি সূত্র জানায়, চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত ১৮ দিনে বিজিবির সদস্যরা পাচারের সময় ৪৪ হাজার ৪৪টি ইয়াবাসহ ১১ পাচারকারীকে আটক করেন।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মিয়ানমারের মংডু শহরের আন্তর্জাতিক চোরাচালানি বুজি জহিরের ছেলে জোবাইর চট্টগ্রামের খুলশী আবাসিক এলাকায় বসবাস করে ইয়াবা পাচারের নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছেন। জোবাইরের ইয়াবার চালান পাচারে সহযোগিতা দিচ্ছেন রোহিঙ্গা নাগরিক (চট্টগ্রামে অবস্থানরত) মো. ইসমাইল, হাজি ফয়েজ, টেকনাফের বাসিন্দা জাফর চেয়ারম্যান, মোস্তাক আহমদ, রমজান আলী, বাট্টা আয়ুব, ফয়েজ আহমদ, শাহপরীর দ্বীপের বাসিন্দা আবদুল শুক্কুর, জাফর আলমসহ শতাধিক ব্যক্তি। পুলিশের নথিতে ইয়াবা পাচারকারী হিসেবে তালিকাভুক্ত হলেও এঁরা ধরাছোঁয়ার বাইরে থাকেন।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জেলা শহর, উখিয়া ও টেকনাফে ইয়াবা পাচারকারী রয়েছে প্রায় ৬০০ জন। এর মধ্যে টেকনাফে ৩৩৪ জন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেকনাফের ৬৯ জন ইয়াবা পাচারকারীকে ধরার জন্য টেকনাফ থানায় একটি তালিকা পাঠানো হয়েছে। এই তালিকায় স্থানীয় আওয়ামী লীগের বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদির তিন ভাই আবদুল আমিন, মৌলভী মুজিবুর রহমান ও আবদুস শুক্কুর এবং টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেনসহ বহু প্রভাবশালীর নাম রয়েছে।দেশের বাইরে থাকায় এই প্রসঙ্গে সাংসদ বদির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে অভিযুক্ত ভাই আবদুল আমিন ও মুজিবুর রহমান ইয়াবা পাচারের সঙ্গে তাঁরা জড়িত নন বলে দাবি করেন। একই দাবি করেন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন।সূত্র জানায়, শুধু টেকনাফ সীমান্ত দিয়ে প্রতি মাসে অন্তত ১০০ কোটি টাকার ইয়াবা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। গত সাড়ে সাত মাসে বিজিবি, র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অভিযান চালিয়ে এক লাখ ৬৭ হাজারটি ইয়াবাসহ ১১৩ পাচারকারীকে আটক করেন। জব্দ করা ইয়াবার বর্তমান বাজারমূল্য প্রায় ৮৫ কোটি টাকা। এর মধ্যে বিজিবি উদ্ধার করে এক লাখ ২৮৬টি ইয়াবা।সহকারী পুলিশ সুপার ( উখিয়া সার্কেল) ছত্রধর ত্রিপুরা জানান, ঢাকার ‘রিয়া ও জাহাঙ্গীর’ সিন্ডিকেটের সদস্যরা টেকনাফ থেকেই ঢাকায় ইয়াবার চালান সরবরাহ করে। দেড় বছর আগে উখিয়া থানার পুলিশ ইয়াবাসহ রিয়া ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছিল। জামিনে মুক্তি পেয়ে তাঁরা আবার ব্যবসায় নেমে পড়েন বলে খবর রয়েছে। বিশেষ করে, ঈদ সামনে রেখে পাচারকারীরা পায়ুপথসহ শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে ইয়াবা পাচার করছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি করা পণ্য, পান-সুপারি ও লবণবোঝাই ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়িতে করে বেশির ভাগ ইয়াবার চালান পাচার হচ্ছে। এ ছাড়া মুরগির পেট, ফলমূল, সবজি, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও সিগারেটের প্যাকেটে ভরে ইয়াবা পাচার হচ্ছে। অনেক ক্ষেত্রে পাচারকারীরা তাঁদের পায়ুপথে ইয়াবা ঢুকিয়েও তা বহন করছে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ইয়াবার অনুপ্রবেশ ঠেকাতে ডগ স্কোয়াড জরুরি।