ঈদ সামনে রেখে শহরে রিকশাচালক বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​​ঈদ এলে রাজধানীতে রিকশার সংখ্যা বেড়ে যায়। ছবিটি গতকাল দুপুরে নিউমার্কেট এলাকা থেকে তোলা l প্রথম আলো
​​ঈদ এলে রাজধানীতে রিকশার সংখ্যা বেড়ে যায়। ছবিটি গতকাল দুপুরে নিউমার্কেট এলাকা থেকে তোলা l প্রথম আলো

গাইবান্ধার গোবিন্দগঞ্জের পাচসন্দাইল গ্রামের আইয়ুব আলী। গ্রাম থেকে ১৫ দিন আগে এসেছেন ঢাকায়। কাঁঠালবাগান ঢালের রিকশার গ্যারেজ থেকে রিকশা নিয়ে নিয়মিত চালাচ্ছেন। ঈদ সামনে রেখে তিনি প্রতিবছর এভাবেই ঢাকায় আসেন। ঈদের আগে আগে আবার গ্রামে ফিরে যাবেন তিনি। গতকাল রোববার দুপুরে গ্যারেজে বসে কথা হয় রিকশাচালক আইয়ুব আলীর সঙ্গে। তিনি বলেন, ‘ঈদের আগে ঢাকায় আসলে কিছুটা বাড়তি ইনকাম হয়, বউ বাচ্চাদের লাইগা ভালো-মন্দ কিছু কিনতে পারি। সেই জন্যি এই সময় ঢাকায় আসি।’ তাঁর মতো আরও অনেকে ঈদের আগে বাড়তি আয়ের জন্য ঢাকায় এসেছেন।
আইয়ুব আলী জানালেন, রিকশার মালিককে দৈনিক ১১০ টাকা দিতে হয়। এরপর নিজের খাওয়া খরচ বাদে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা থাকে। কাঁঠালবাগান গ্যারেজ মালিক সোহরাব মিয়া জনালেন, তাঁর গ্যারেজে ১৫০টি রিকশা আছে। এখানে অনেক চালকই ঈদ সামনে রেখে ঢাকায় এসেছেন। কেউ ঈদের এক মাস, কেউ ২০-২৫ দিন আগে ঢাকা আসেন বাড়তি রোজগারের জন্য।
ঢাকা সিটি করপোরেশনের সূত্র বলছে, ডিসিসির উত্তর-দক্ষিণে তালিকাভুক্ত রিকশার সংখ্যা সাড়ে ৭৯ হাজার। তবে সিটি করপোরেশনের নিজস্ব অনুসন্ধানে পাওয়া তথ্য অনুসারে ঢাকায় রিকশার সংখ্যা ১০ লাখের বেশি। ঈদের মৌসুমে এই সংখ্যা আরও বেড়ে যায়। কেনাকাটার জন্য মানুষের চলাচল বাড়ে। বেশি আয়ের আশায় অনেক মৌসুমি রিকশাচালক বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসেন।
রাজধানীর ক্রিসেন্ট রোডের একটি রিকশা গ্যারেজের ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানালেন, তাঁদের গ্যারেজে মোট রিকশার সংখ্যা আড়াই শটি। এখানে এমনিতেই অন্য সময় ৪০ থেকে ৫০টি রিকশা বসেই থাকে চালকের অভাবে। এখানের নিয়মিত রিকশাচালকেরা কেউ বাড়িতে যায় আবার কেউ বাড়ি থেকে আসে। এভাবে যাওয়া-আসা চলতেই থাকে। কিন্তু এবার রোজার শুরু থেকেই কোনো রিকশা বসে থাকছে না। চালকের সংখ্যাও বাড়তি। অনেক চালক রিকশা না পেয়ে বসে আছেন। অন্য চালকেরা এসে রিকশা জমা দিলেই তাঁরা সেই রিকশা নিয়ে বের হবেন। সাইফুল জানালেন, মূলত ঈদ সামনে রেখে তাঁদের গ্যারেজের প্রায় সব চালকই ঢাকায় এসেছেন।
গতকাল সকালে ওই গ্যারেজে গিয়ে দেখা গেছে, ২৫-৩০ জন রিকশাচালক বসে গল্পগুজব করছেন, কেউবা লুডু খেলে সময় কাটাচ্ছেন। তাঁরা জানালেন, তাঁরা রিকশার জন্য অপেক্ষা করছেন। সকালে যাঁরা রিকশা চালাতে গেছেন, তাঁদের অনেকে দুপুরের দিকে রিকশা জমা দিলে তাঁরা সেই রিকশা নিয়ে বের হবেন।
এই গ্যারেজে চার বছর ধরে রিকশা চালান চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার নুরুন্নবী। তিনি জানালেন, এমনিতে প্রতি মাসে তিনি গ্রামের বাড়িতে যান। বাবা-মা, ভাইবোন ও স্ত্রী-সন্তানদের সঙ্গে কিছুদিন থেকে আসেন। কিন্তু গত দুই মাস ধরে তিনি বাড়িতে যাননি। কিছু টাকা জমিয়ে বাড়িতে ফিরবেন সবাইকে নতুন কাপড় কিনে দেবেন এটাই তার ইচ্ছা।